জম্মু ও কাশ্মীর নিয়ে মোদীর বৈঠকের আগে কাশ্মীরি পণ্ডিতরা নয়া দাবিতে সরব, একনজরে গুরুত্বপূর্ণ তথ্য
বহু প্রতীক্ষার পর আজ দিল্লির বুকে কার্যত নির্ধারিত হতে পারে কাশ্মীরের ভবিষ্যতের নানান দিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে এদিনের বৈঠকে একাধিক ইস্যু আলোচিত হতে পারে বলে মনে করা হচ্ছে। এরমধ্যে অবশ্যই বড় জায়গা পেতে পারে ভূস্বর্গের ৩৭০ ধারা। সেই প্রেক্ষাপট থেকে এদিন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীরা সহ একাধিক তাবড় নেতা যোগ দিতে চলেছেন দিল্লিতে মোদীর ডাকা বৈঠকে। তার আগে কাশ্মীরি পণ্ডিতরা একাধিক দাবিতে সরব। সবমিলিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যে নজর রাখা যাক।

কাশ্মীরি পণ্ডিতদের দাবি
ঘরছাড়া কাশ্মীরি পণ্ডিতদের কাছেও ২৪ জুন দিনটি রীতিমতো গুরুত্বপূর্ণ। তাঁদের এক সংগঠন জিকেপিডি জানিয়েছে, ভূস্বর্গে তাঁদের ৫০০০ বছরের ইতিহাস রয়েছে। তাঁরাও দেশের ও কাশ্মীরের গর্বিত অংশ। ফলে কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণের বৈঠকে যখন সেখানের স্থানীয় নেতাদের প্রধানমন্ত্রী আহ্বান করেছেন, সেক্ষেত্রেও কাশ্মীরি পণ্ডিতদের প্রতিনিধিদেরও রাজনৈতিক প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া উচিত । সরকারি সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরে বিধানসভায় কাশ্মীরি পণ্ডিতদের জন্য
২ থেকে ৩ টি আসন রিজার্ভেশনে রাখার পথে সরকার হাঁটতে পারে বলে শোনা যাচ্ছে।

মোদীর সঙ্গে বৈঠকে ১৪ জন নেতা
এদিকে, নরেন্দ্র মোদীর সঙ্গে এদিনের বৈঠকে বসতে চলেছেন, ১৪ জন কাশ্মীরি নেতা। এঁদের মধ্যে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে উপমুখ্যমন্ত্রীরা থাকবেন। কট্টর মোদী বিরোধী ফারুক আবদুল্লাহ থেকে মেহবুবা মুফতিরা এই বৈঠকে বসতে চলেছেন।

কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি
প্রসঙ্গত, কাশ্মীরের বুকে রাজনৈতিক পরিস্থিতি কোনদিকে যেতে চলেছে, তার দিকে নজর দিয়ে এদিন রাজনৈতিক পরিস্থিতির ওপর জোর দিতে চলেছে দিল্লির মহল। এমনই তথ্য জানা যাচ্ছে সূত্র মারফৎ।

ভূস্বর্গের বিধানসভা পরিস্থিতি
২০১৮ সালে ভূস্বর্গে মেহবুবা মুফতির সরকারের পতন হয়। তারপর ২০১৯ সালে সেখানে লোকসভা ভোট হয়। পরবর্তীকালে কাশ্মীর ও জম্মু, লাদাখ ভাগ হয়। এলাকা কেন্দ্রশাসিত বলে ঘোষিত হয়। এরপরবর্তীকালে সেখানে ২০২০ সালে জেলা উন্নয়ন কাউন্সিলের নির্বাচন হয়।

কাশ্মীর রি অর্গানাইজেশন অ্যাক্ট
২০১৯ সালের কাশ্মীর রি অর্গানাইজেশন অ্যাক্ট অনুযায়ী, কাশ্মীরে বিধানসভা কেন্দ্রের সংখ্যা বেড়েছে। তবে তারমধ্যে ২৪ টি এলাকা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পড়ে যাচ্ছে। শোনা যাচ্ছে , পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ওই ২৪ টি আসন থেকে প্রতিনিধি নির্বাচনের ওপর আজকের বৈঠকে জোর দিতে পারে ভারত।

পর পর হামলা ও ভূস্বর্গের রাজনীতি
এদিকে, দিল্লিতে যখন কাশ্মীর পরিস্থিতি নিয়ে বৈঠক শুরু হবে, তার ঠিক আগের দিন কাশ্মীরের বুকে পর পর ৩ টি হামলা হয়েছে। এদিকে, সেখানের নির্বাচন পদধতি ও নবনির্বাচিত কাউন্সিলের পথ চলার ক্ষেত্রে কোন কোন সমস্যা হচ্ছে, তা নিয়ে বুধবারই নির্বাচন কমিশনের একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়।












Click it and Unblock the Notifications