Narendra Modi: কোল্ড প্লে-র উদাহরণ টেনে ‘কনসার্ট অর্থনীতি’ বোঝালেন মোদী, কী বললেন প্রধানমন্ত্রী?
Narendra Modi: এবার লাইভ কনসার্ট (Live Concert) আয়োজনে জোর দেওয়ার পরামর্শ নরেন্দ্র মোদীর। ভূবনেশ্বরে মেক ইন ওড়িশা কনক্লেভে (Make in Odisha Conclave) গিয়ে ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে-এর কনসার্টের কথা উল্লেখ করলেন মোদী।
সম্প্রতি মুম্বই ও আহমেদাবাদে কনসার্টের আয়োজন করেছিল তারা। সেই উদাহরণ টেনে এবার রাজ্যগুলিকে 'কনসার্ট অর্থনীতি'-তে (Concert Economy) জোর দেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলিতে আরও বেশি বেশি করে কনসার্ট আয়োজনের পরিকাঠামো গড়ার পরামর্শ নরেন্দ্র মোদীর।

এদিন মোদী বলেন, " মুম্বই ও আহমেদাবাদে কোল্ড প্লে-এর কনসার্টের দুর্ধর্ষ সব ছবিতেই প্রমাণিত যে ভারতে লাইভ ইভেন্ট ও কনসার্ট অর্থনীতি দ্রুত মাথাচাড়া দিচ্ছে। ভারতে লাইভ কনসার্ট আয়োজনের দারুণ সুযোগ রয়েছে। বিশ্বের তাবড় তাবড় শিল্পীরাও ভারতে আসতে চান।" গত এক দশকে লাইভ শো ও কনসার্টের সংখ্যা বেড়ে গিয়েছে বলে জানান মোদী। আর তাই কনসার্ট ইকোনমিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে মত প্রধানমন্ত্রীর।
মোদী আরও বলেন, "আজকের দিনে দাঁড়িয়ে ভারতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কনসার্ট ইকোনমি। ভারত এমনই একটি দেশ, যেখানে সঙ্গীত, নৃত্য ও গল্পকথনের বিশাল ঐতিহ্য রয়েছে। আর তাই কনসার্ট দেখা বা শোনার জন্যে ভারতে লোকের অভাব নেই। কনসার্ট ইকোনমির ক্ষেত্রে ভারতে প্রচুর সুযোগ রয়েছে। লাইভ ইভেন্ট ও কনসার্ট আয়োজনের সংখ্যা গত ১০ বছরে লাফিয়ে বেড়ে গিয়েছে।"
ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়ে ভারতে পাঁচ পাঁচটি কনসার্ট করেছে ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। ভারতে তারা খুব ভালো ব্যবসাও করেছে। কনসার্টের সমস্ত টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল। কনসার্টে ভিড় সামাল দেওয়ার জন্যও সুষ্ঠু ব্যবস্থা রাখা হয়েছিল।
এই মাসের প্রথম দিকে মুম্বই ও নভি মুম্বইয়ে তিনটি কনসার্ট করেছিল কোল্ড প্লে। এরপর গত ২৫ ও ২৬ জানুয়ারি আহমেদাবাদে ২টি কনসার্ট করে তারা। ভারতীয় দর্শকদের মন জয় করতে ব্যান্ডের ফ্রন্টম্যান ক্রিস মার্টিন হিন্দি, মারাঠি ও গুজরাটিতে কথাও বলেন।
রবিবার আহেমেদাবাদের কনসার্ট থেকে শাহরুখ খান ও ক্রিকেটার জসপ্রীত বুমরার নামও নেন ব্যান্ডের সদস্যরা। প্রজাতন্ত্র দিবসের দিন কনসার্ট থেকে পিয়ানোয় বন্দে মাতরম ও মা তুঝে সালামের সুরও বাজান তারা। কার্তিক আরিয়ান, সুহানা খান, বিজয় ভার্মা-সহ প্রাক্তন ক্রিকেটার সচীন তেণ্ডুলকর-সহ একাধিক তারকা যোগ দিয়েছিলেন কনসার্টে।












Click it and Unblock the Notifications