মোদী দেশের যথার্থ 'চৌকিদার'! দাবি জানিয়ে কংগ্রেসকে আক্রমণ অমিত শাহের
বিজেপির জাতীয় কার্যকরী বৈঠকের মঞ্চকে আক্ষরিক অর্থেই লোকসভা ভোটের আগে দলীয় কর্মীদের উদ্দীপ্ত করার সভা করে তুললেন জাতীয় সভাপতি অমিত শাহ।
বিজেপির জাতীয় কার্যকরী বৈঠকের মঞ্চকে আক্ষরিক অর্থেই লোকসভা ভোটের আগে দলীয় কর্মীদের উদ্দীপ্ত করার সভা করে তুললেন জাতীয় সভাপতি অমিত শাহ। একইসঙ্গে তিনি আক্রমণ শানাতে ভুললেন না বিরোধীদের। বলা যায় রামলীলা ময়দানের সভা থেকেই বিরোধীদের উদ্দেশ্যে তির ছুঁড়ে দিলেন বিজেপি সভাপতি।

তিরের অভীষ্ট লক্ষ্য যে মূলত কংগ্রেস ছিল তা বললে অত্যুক্তি হবে না। বিজয় মালিয়া, নীরব মোদী সহ সহ একাধিক ইস্যুতে বিজেপি তথা নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। প্রধানমন্ত্রীকে চোর অপবাদও দিয়েছে। সেই প্রসঙ্গ তুলেই এদিন রাহুল গান্ধী সহ কংগ্রেসকে নিশানা করেন শাহ।
নরেন্দ্র মোদী নেতৃত্বে নতুন লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে দেশ। বিরোধীরা বারবার সেই পথে বাধা দিচ্ছেন। এমন অভিযোগ করে শাহ বলেন, নীরব মোদী, বিজয় মালিয়া, ললিত মোদীরা বিজেপি আমলে দেশ ছেড়ে পালিয়েছে। কংগ্রেস বলছে, মোদী সরকার পালাতে দিয়েছে। অথচ এই ঘটনাগুলি ঘটেছে কংগ্রেস আমলে। কংগ্রেস আমলে এই অভিযুক্তরা বহাল তবিয়তে দেশে ছিল।
তাহলে এমন কী হল যে মোদীর আমলে দেশ ছাড়তে বাধ্য হল? শাহের মতে, চৌকিদার মোদীর ত্রাসেই একে একে পালিয়ে দেশ ছেড়েছে অর্থনৈতিক অপরাধে দুষ্ট অভিযুক্তরা। এই চৌকিদার কোনও চোরকে ছাড়বে না বলেও এদিন আশ্বস্ত করেন অমিত শাহ। এমন আইন বানানো হয়েছে যে অপরাধীরা শাস্তি পাবেই। এমনটাই জানিয়েছেন তিনি।
এদিন এনআরসি নিয়েও মুখ খোলেন শাহ। বলেন, অসমে নাগরিকপঞ্জী চালু হয়েছে। শুধুমাত্র সেখানেই ৪০ লক্ষ মানুষকে অবৈধ বলে চিহ্নিত করা গিয়েছে। ক্ষমতায় এলে সারা দেশে এনআরসি চালু করা হতে পারে এমন ইঙ্গিত শাহের কথায় উঠে এসেছে।
রাম মন্দির প্রসঙ্গে এদিন বিজেপির অবস্থান পরিষ্কার করে শাহ বলেন, দল চায় ওই জায়গাতেই রামের মন্দির হোক। সুপ্রিম কোর্টে মামলা চলছে। মামলার রায় বেরোনোর পর তার সিদ্ধান্ত হবে। বিজেপি চেষ্টা করছে রাম মন্দিরের আর কংগ্রেস আদালতে গিয়ে তাতে বাধা দিয়ে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন শাহ।












Click it and Unblock the Notifications