'মোদী এখন আমায় নিয়ে খুশি নন'! কেন এমন মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প? আর কী বললেন তিনি? জানুন বিস্তারিত

রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে ভারত এবং আমেরিকার সম্পর্কে টানাপড়েন বেড়েই চলেছে। আর সেই প্রসঙ্গেই মঙ্গলবার প্রকাশ্যে, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার উপর খুশি নন" বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল হাউস রিপাবলিকান মেম্বার রিট্রিট অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন যে, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতকে বাড়তি শুল্কের মুখে পড়তে হয়েছে। সেই সিদ্ধান্তের কারণেই নাকি প্রধানমন্ত্রী মোদী তাঁর উপর অসন্তুষ্ট। ট্রাম্পের কথায়, "মোদীজি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, আমাদের সম্পর্ক এমনি খুবই ভালো। কিন্তু তেলের ওপর শুল্ক চাপানোর পর এখন তিনি আমার উপর খুশি নন।"

তবে নিজের বক্তব্যের মধ্যে একই সঙ্গে মোদীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেছেন ট্রাম্প। তাঁর দাবি যে, দুই দেশের নেতার মধ্যে বোঝাপড়া সবসময়ের জন্যেই ভালো ছিল। কিন্তু সাম্প্রতিক বাণিজ্য নীতির কারণে সেই সম্পর্ক কিছুটা চাপে পড়েছে।

এদিন ট্রাম্প আরও দাবি করেন যে, দীর্ঘদিন ধরেই আমেরিকার কাছ থেকে ভারত অ্যাপাচে হেলিকপ্টার কেনার জন্য অপেক্ষায় রয়েছে। তাঁর বক্তব্য অনুসারে, ভারত মোট ৬৮টি অ্যাপাচে হেলিকপ্টার কিনতে চেয়েছিল, কিন্তু তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার শাস্তি হিসেবে আমেরিকা ভারতের পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে। এর ফলে ভারতীয় পণ্যের উপর মোট শুল্কের হার বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে। সেইসঙ্গে, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির ক্ষেত্রেও রুশ তেল আমদানি বন্ধ করার জন্য নয়াদিল্লির উপর চাপ বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেল সংস্থা রসনেফ্ট এবং লুকঅয়েলের উপর নিষেধাজ্ঞাও জারি রেখেছে।

এর আগেও, ৫ জানুয়ারি ট্রাম্প ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে, রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য নিয়ে তিনি একদমই সন্তুষ্ট নন। তাঁর বক্তব্য, প্রয়োজন পড়লে খুব তাড়াতাড়িই ভারতের উপর আরও বেশি শুল্ক আরোপ করা হতে পারে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, এই বিষয়টি নিয়ে তিনি ক্ষুব্ধ। তিনি দাবি করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিষয়টি জানতেন।

এবার সরাসরি দাবি করলেন যে, মোদী তাঁর উপর খুশি নন। যদিও এই মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত ভারতের তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+