NDA-তে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু...! তেলেঙ্গানায় গিয়ে কেসিআরের কথা ফাঁস প্রধানমন্ত্রী মোদীর
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অংশ হতে চেয়েছিলেন। এদিন সেই রাজ্যে এক জনসভায় এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিআরএস নেতাকে এনডিএ-তে যোগদানের অনুমতি দেওয়া হয়নি।
এদিন তেলেঙ্গানার নিজামাবাদে জনসভা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেসিআর তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতেন এবং সৌজন্য ও সম্মান দিতেন। কিন্তু এনডিএ-তে যোগ দেওয়ার অনুমতি না পেয়ে, তিনি তা বন্ধ করে দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি সত্য প্রকাশ করলেন। তিনি এর আগে এটা কখনও বলেননি। তিনি ১০০ শতাংশ সত্য বলতে এসেছেন। হায়দরাবাদ নিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে বিজেপি ৪৮ টি আসন পায়। সেখানে কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেখানে কেসিআরের সমর্থন দরকার ছিল।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, পুরসভা নির্বাচনের আগে তিনি দলবল নিয়ে আসতেন, তাঁকে (মোদী) মালা দিতেন, সম্মান করতেন। কিন্তু কী হল, এইসব কাজ তিনি বন্ধ করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রশ্ন এখন রাগ করছেন কেন? হায়দরাবাদ কর্পোরেশনের নির্বাচনের পরে তিনি (কেসিআর) দিল্লিতে গিয়ে তাঁকে (মোদী) সম্মান করেছিলেন।

সেই সময় কেসিআর বলেছিলেন, ভারত আপনার অধীনে উন্নতি করেছে। তিনি এনডিএ-তে যোগ দিতে চান। তিনি হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনে সমর্থন চেয়েছিলেন। প্রধানমন্ত্রী সেই সময় কেসিআরকে বলেছিলেন, তাঁর (কেসিআর) কাজের জন্য যোগ দিতে পারবেন না। প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, হায়দরাবাদে বিরোধী দলে বসবেন। তেলেঙ্গানার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবেন না।
এর আগে প্রধানমন্ত্রী এদিন তেলেঙ্গানার নিজামাবাদে আট হাজার কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেখানে মোদী বলেন, ভারতীয় রেল আগামী কয়েকমাসের মধ্যে সমস্ত রেল লাইনের ১০০ শতাংশ বিদ্যুদায়নের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। এছাড়াও প্রধানমন্ত্রী এদিন এনটিপিসির তেলেঙ্গানা সুপার থার্মাল পাওয়ার প্রকল্পের ফেজ ওয়ানের ৮০০ মেগাওয়াট ইউনিটের উদ্বোধন করেন।












Click it and Unblock the Notifications