ভারত ও সনাতন ধর্ম নিয়ে বিরোধীদের জবাব কোন পথে? মন্ত্রীদের দিশা দিলেন প্রধানমন্ত্রী মোদী
আগামী দিনে কি দেশের নাম ভারত হতে চলেছে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বিরোধীরা ইন্ডিয়া ও ভারত নিয়ে সরকার পক্ষকে তীব্র আক্রমণ করছেন, কটাক্ষ করছেন। সঙ্গে রয়েছে সনাতন ধর্ম প্রসঙ্গষ সেই পরিস্থিতিতে মন্ত্রিসভার সহকর্মীদের দিশা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্রের খবর অনুযায়ী, বুধবার মন্ত্রিসভার বৈঠতে প্রধানমন্ত্রী মোদী ইন্ডিয়া বা ভারত নিয়ে মন্ত্রীদের কোনও কথা না বলার নির্দেশ দিয়েছেন। তবে শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রী সনাতন ধর্ম বিতর্কে জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদী তাঁর মন্ত্রীদের বলেছেন, অনুমোদিত ব্যক্তি ছাড়া কোনও মন্ত্রী জি ২০ বৈঠকে কথা বলবেন না। এছাড়া পুল কার ব্যবহারের বিশেষ নির্দেশ দিয়েছেন তিনি। সূত্রের আরও খবর, প্রধানমন্ত্রী বলেছেন ৯ সেপ্টেম্বর আয়োজিত নৈশভোজে অংশ নেওয়া মন্ত্রীদের তাদের নিজের গাড়িতে সংসদ ভবন কমপ্লেক্সে পৌঁছতে হবে। তারপর বাসে করে অনুষ্ঠানস্থলে যেতে হবে।
নৈশভোজের জন্য আমন্ত্রিত মুখ্যমন্ত্রীদেরও সংসদ ভবন কমপ্লেক্সে পৌঁছতে হবে। সেখান থেকে তারা বাসে করে রওনা দেবেন। নৈশভোজের জন্য মন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের বিকেল ৫.৫০ মিনিটের মধ্যে সংসদ ভবন কমপ্লেক্সে পৌঁছতে হবে এব সন্ধে সাড়ে ছটার মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছতে হবে।
উল্লেখ করা প্রয়োজন ভারতের সভাপতিত্বে ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি ২০ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান এই শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন। ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি ২০ নৌশভোজের আয়োজন করেছেন।
এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রেই ইন্ডিয়া না ভারত সেই বিতর্ক উঠে এসেছে। কেননা আমন্ত্রণ পত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার জায়গায় প্রেসিডেন্ট অফ ভারত লেখা হয়েছে। বিরোধী দলগুলি এখানে কটাক্ষ করেছে। তারা বলছে বিরোধী জোটের ইন্ডিয়া নামের ভয়ে দেশের নাম বদলের চেষ্টা করছে মোদী সরকার।
এদিকে সনাতন ধর্ম নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলে উদয়নিধি স্ট্যালিনের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। তিনি সনাতন ধর্মকে করোনা ভাইরাস, ডেঙ্গু, ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করে তাকে নির্মূলের কথা বলেছিলেন। সেই বিতর্কে কংগ্রেস কিংবা তৃণমূলকে স্ট্যালিনের দলের পাশে দাঁড়াতে দেখা যায়নি। এব্যাপারে প্রধানমন্ত্রী মন্ত্রীদের কথা বলার অনুমতি দিয়েছেন। এর যথাযথ জবাব দিতে বলেছেন তিনি।
সনাতন ধর্ম নিয়ে বিরোধীদের মধ্যে অস্থিরতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী তাঁর মন্ত্রিসভার সহকর্মীদের বলেছেন, বিরোধীদের সংবিধান পড়তে হবে। তিনি বলেছেন, বিরোধীরা সনাতন ধর্মকে অপমান করার জন্য যে ক্ষতির সম্মুখীন হয়েছেন, তা এড়াতেই বিতর্ক তৈরি করছেন।












Click it and Unblock the Notifications