রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য করেছিলেন সোনিয়া গান্ধী, এবার তাঁকেই ‘বিকৃত মস্তিষ্ক’ বললেন খোদ প্রধানমন্ত্রী
সংসদে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মন্তব্যের তীব্র সমালোচনা করেন এদিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে সোনিয়া গান্ধীর মন্তব্যকে "কলঙ্কজনক ও বিকৃত মানসিকতা" বলে আখ্যায়িত করেন মোদী।
'রাষ্ট্রপতিকে চূড়ান্ত অপমাণ' করেছে বলে এদিন ভরা সংসদে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, "তাঁকে সম্মান দিতে পারবেন না বুঝলাম, কিন্তু অন্তত অসম্মান করা তো বন্ধ করুন। আমরা এই বিকৃত মস্তিষ্ক ছাড়া, বিকৃত মানসিকতার চিন্তাভাবনা ছাড়া আমরা সমাজে বিভিন্ন কাজে এগিয়ে গেছি"। এদিন এই ভাবেই সোনিয়া গান্ধীর নাম না করে তাঁকে 'বিকৃত মস্তিষ্ক' বলে উল্লেখ করেন মোদী।

কিন্তু কী বলেছিলেন সোনিয়া গান্ধী?
শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদে বাজেট অধিবেশনের ভাষণ দেওয়ার পর, সোনিয়া গান্ধী বলেন, "শেষ পর্যন্ত তিনি কথা বলতেও পারছিলেন না, বেচারা"। এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের সূত্রপাত হয়।
এর জন্যে আক্রমণে জর্জরিত হন কংগ্রেস সভানেত্রী। বিজেপি প্রধান জেপি নাড্ডা বলেন, "এই মন্তব্য কংগ্রেসের দরিদ্র-বিরোধী ও অভিজাত মানসিকতার প্রতিফলন। এটি শুধু রাষ্ট্রপতিকে নয়, গোটা উপজাতি সম্প্রদায়কে অপমান করেছে"। বিজেপির আদিবাসী সাংসদরা সংসদে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে বিশেষাধিকার লঙ্ঘনের নোটিশ দেন এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি পর্যন্ত করেন।
রাষ্ট্রপতির দপ্তর থেকেও এই বিষয়ে বিবৃতি দেওয়া হয়। সেখান থেকে বলা হয়, "এই মন্তব্য দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এটি সর্বোচ্চ পদের মর্যাদার উপর আঘাত হানে। রাষ্ট্রপতির স্বাস্থ্যের বিষয়ে ছড়ানো গুজব সম্পূর্ণ ভিত্তিহীন"।
যদিও এক্ষেত্রে মায়ের হয়ে সওয়াল করেন খোদ নব্য সাংসদ তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। মায়ের মন্তব্যের সাফাই দিয়ে তিনি বলেন, "আমার মা কেবল রাষ্ট্রপতির ক্লান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক স্বার্থে তার বক্তব্য বিকৃত করা হচ্ছে। তিনি রাষ্ট্রপতিকে সম্পূর্ণ সম্মান করেন"।
এদিন এই সব বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিলেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, "এটি কোনো উন্নত মানসিকতা নয়, এটি বিকৃত মানসিকতা। একজন মহিলা রাষ্ট্রপতির বিরুদ্ধে রাজনৈতিক হতাশা আমি বুঝতে পারি, কিন্তু রাষ্ট্রপতিকে অপমান করার কারণ কী? ভারত এখন নারী-কেন্দ্রিক উন্নয়নে এগিয়ে চলেছে, কিন্তু কিছু মানুষ সেই পুরনো মানসিকতাই ধরে রেখেছেন"।
স্বাভাবিক ভাবেই সংসদের এই ইস্যু যে এখনই স্বাভাবিক হচ্ছে না, তা একপ্রকার প্রধানমন্ত্রীর আজকের মন্তব্যে নিশ্চিত।












Click it and Unblock the Notifications