নীতীশকে তোপ দেগে মোদীর 'ভাইবোনদের' নির্বাচনী আখাড়ায় টেনে আনলেন তেজস্বী
নির্বাচনী ময়দানে আরজেডিকে আক্রমণ করতে গিয়ে ব্যক্তিগত স্তরে তোপ দেগেছিলেন নীতীশ কুমার। লালুপ্রসাদকে আক্রমণ করতে গিয়ে বিহারের মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'ওঁর ৮-৯টা বাচ্চা আছে, তাও নিজের মেয়েদের প্রতি ওঁর কোনও ভরসা নেই।' নীতীশের এই মন্তব্যের পাল্টা হিসাবেই এবার তেজস্বী নির্বাচনী দঙ্গলে টেনে আনলেন প্রধানমন্ত্রী মোদীর ৬ ভাই-বোনকে।

মোদীকে অপমান করেছেন নীতীশ
তেজস্বী এদিন নীতীশের সেই মন্তব্যকে হাতিয়ার করে দাবি করেন যে, মুখ্যমন্ত্রী তাঁর এই বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকেও আক্রমণ এবং অপমান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ৬ জন ভাই বোন রয়েছে। নীতীশ কুমারের এহেন মন্তব্য মহিলাদের প্রতি অসম্মানজনক। এই বক্তব্য আমার মা-বোনদের প্রতি অসম্মানজনক।

মহিলাদের অপমান করেছেন নীতীশ
এরপর আরজেডি নেতা নীতীশকে তোপ দেগে আরও বলেন, 'নীতীশ কুমার আসলে এই ভাষায় কথা বলে আমার মা ছাড়াও বাকি সব মহিলাদের অপমান করেছেন। এবং এই সব বলে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আসল ইস্যুতে থেকে মুখ বাঁচিয়ে লুকোতে চাইছেন। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দুর্নীতি সব একাধিক ইস্যুতে তিনি কোনও কথাই বলছেন না। কারণ ওনার কাছে বলার কিছু নেই।'

কর্মসংস্থানের অভাবের অভিযোগ তুলে নির্বাচনী প্রচার
গত কয়েকদিনে অমিত শাহ থেকে শুরু করে জে পি নাড্ডা, একের পর এক হেভিওয়েটকে বিহারে দেখা গেছে নির্বাচনী আসরে। এদিকে প্রচারে নেমে নীতীশ কুমারকে আক্রমণ করেই চলেছেন তেজস্বী যাদব। কৃষকদের সমস্যাগুলি নিয়ে আক্রমণ শানিয়েছেন তিনি। এছাড়া রাজ্যে কর্মসংস্থানের অভাবের অভিযোগ তুলে নির্বাচনী প্রচারে একাধিকবার সরব হয়েছেন।

কী বলেছিলেন নীতীশ?
অন্যদিকে নীতীশ কুমার মধুবনীতে ভোটের প্রচারে গিয়ে বলেছেন, 'বিহারে ভয়ংকর পরিস্থিতি ছিল৷ অসংখ্য অপরাধের ঘটনা ঘটত৷ উন্নয়ন শূন্যে এসে ঠেকেছিল৷ এই অবস্থাটা আমরা সামলেছি৷ আমরা গোড়া থেকে কাজ শুরু করেছি৷ যা ক্রমশ উন্নতির পথে এগোচ্ছে৷ ওঁদের এতগুলো মেয়ের পর একটা ছেলে জন্ম নেয়। ওরা কীরকম বিহার চায়? ওঁরা কি কেউ কিছু ভাবে?'












Click it and Unblock the Notifications