গান্ধী পরিবার দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, কর্নাটককে আলাদা করতে চায়! প্রচারের শেষ লগ্নে নিশানা মোদীর
প্রচারের শেষলগ্নেও প্রধানমন্ত্রী মোদীর নিশানায় গান্ধী পরিবার। কর্নাটকে তাঁর শেষ নির্বাচনী বক্তৃতায় তিনি অভিযোগ করে কংগ্রেসের রাজ পরিবার দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, তাঁরা যেসব কূটনীতিকের সঙ্গে দেখা করেন, তারা সবাই ভারতের বিরুদ্ধে।
শনিবার নির্বাচনী বক্তৃতায় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী কর্নাটকের সার্বভৌমত্ব ও অখন্ডতার কথা বলেছেন। তিনি বলেছেন, কর্নাটকের সম্নানের পক্ষে হুমকিকে বরদাস্ত করা হবে না। বিজেপি সেই বিবৃতিকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে আক্রমণ করেছে। এদিন প্রধানমন্ত্রী সেই মন্তব্যকে নিশানা করেছেন।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, গতকাল তারা বলেছিল তারা কর্নাটকের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। এর অর্থ হল তারা প্রকাশ্যে কর্নাটককে ভারত থেকে আলাদা করার পক্ষে সওয়াল করছে। তিনি বলেন, কংগ্রেসের রাজ পরিবার দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে।
প্রধানমন্ত্রী মোদী অভিয়োগ করেন, তারা গোপনে ভারতের বিরোধী দেশগুলির কূটনীতিকদের সঙ্গে দেখা করেন। এব্যাপারে প্রধানমন্ত্রী অতীতে চিনা কূটনীতিকের সঙ্গে রাহুল গান্ধীর বৈঠকের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেসের রাজ পরিবার আন্তর্জাতিক শক্তিকে দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে উৎসাহিত করে।

তিনি বলেছেন, কংগ্রেস যখন আসে, তখন সন্ত্রাসবাদী ও অপরাধীদের আত্মা সক্রিয় হয়ে ওঠে। কংগ্রেসের শাসন শুরু হলেও অপরাধী থেকে সন্ত্রাসবাদী, সকলেই নিশ্চিত হয়ে যায় কংগ্রেসের হাত তাদের সঙ্গে রয়েছে। কর্নাটকে তাঁর শেষ প্রচারে প্রধানমন্ত্রী কর্নাটকে পিএফআই-এর ওপরে বিজেপি সরকারের নিষেধজ্ঞার কথা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বার বার দেখা গিয়েছে কংগ্রেসের তুষ্টিকরণের রাজনীতির কারণে জঙ্গিরা উৎসাহ পায়। অতীতে পিএফআইয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহার নিয়েও আক্রমণ শানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী কর্নাটক নির্বাচনে পিএফআই-এর রাজনৈতিক শাখা এসডিপিআইয়ের সঙ্গে ব্যাক-রুম চুক্তিরও অভিযোগ করেছেন।












Click it and Unblock the Notifications