'ভারত ঝুকেগা নেহি'! আমেরিকার অতিরিক্ত শুল্ক চাপানো নিয়ে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী মোদীর
আমেরিকার চাপের কাছে নতিস্বীকার করবে না ভারত। প্রকাশ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় তিনি বলেছেন, যেকোনও চাপ মোকাবিলায় ভারত অবিচল থাকবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক, যার মধ্যে ২৫ শতাংশ জরিমানার শামিল, আরোপের যে সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়েই নিজের অবস্থান জানিয়ে দিলেন মোদী।
এই অর্থনৈতিক চাপের বিরুদ্ধে লড়ে ভারত একটি সমাধান খুঁজে বের করবে। প্রধানমন্ত্রী মোদী বলেন, “যত বাধাই আসুক না কেন, আমরা তা সহ্য করার শক্তি বাড়িয়ে যাব। আমরা সবাই দেখছি বিশ্বে অর্থনৈতিক স্বার্থভিত্তিক নীতিগুলি কীভাবে বাড়ছে।” তিনি জোর দিয়ে বলেন যে, ভারত এমন সংরক্ষণবাদী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং দেশের নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেবে।

ছোট ব্যবসায়ী, কৃষক, পশুপালক এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্দেশে মোদী প্রতিশ্রুতি দিয়ে বলেন, “গান্ধীর এই ভূমি থেকে আমি বারবার প্রতিশ্রুতি দিচ্ছি, মোদীর কাছে আপনাদের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার সরকার কখনই ক্ষুদ্র উদ্যোক্তা, পশুপালক বা কৃষকদের কোনও ক্ষতি হতে দেবে না।”
এর আগে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মোদি স্বদেশি পণ্য ব্যবহারের ওপর জোর দেন। কৃষক ও জেলেদের পাশে থাকার কথা বলেন। সেটাও ট্রাম্পকে একটি সূক্ষ্ম বার্তা ছিল।
সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। সবমিলিয়ে মোট শুল্ক ৫০ শতাংশে গিয়ে ঠেকেছে। এই আকস্মিক পদক্ষেপে দিল্লিতে বাণিজ্য আলোচনা অপ্রত্যাশিতভাবে স্থগিত হয়ে যায় এবং দীর্ঘ প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (BTA) নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আমেরিকার ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও ভারত বর্তমানে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান দেশগুলির সঙ্গে সমান্তরাল বাণিজ্য আলোচনা চালিয়ে যাচ্ছে। ফলে ভারত মাথা নত করবে না বলার পর আমেরিকা কী পদক্ষেপ করে সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications