Holi 2025: রঙের উৎসবেই ব্রাত্য রং! কোথাও চিতাভস্ম মেখে, কোথাও লাঠি মেরে চলে হোলি উদযাপন
Holi 2025: কোথাও ছাইভস্ম দিয়ে, কোথাও আবার শুধুই ফুল দিয়ে। রং ছাড়াও নানাভাবে হোলি উদযাপন হয় বিভিন্ন স্থানে। এমনকী, কোথাও আবার লোহার রড দিয়ে হোলি উদযাপন চলে। হোলিকে ঘিরে নানান রীতি রেওয়াজ রয়েছে এই দেশেরই কোণায় কোণায়। আসুন জেনে নেওয়া যাক, তেমনই কিছু রীতি।
উত্তর প্রদেশের মথুরার অন্যতম প্রসিদ্ধ স্থান বারসোনা। হোলির সময় সেখানে ভিড় জমান বহু পর্যটক ও ভক্তেরা। হিন্দু শাস্ত্রমতে, বারসোনাকে রাধার বাড়ি বলে মনে করা হয়। এখানের রাধারাণী মন্দির খুবই বিখ্যাত। সপ্তাহব্যাপী হোলি উদযাপন হয় সেখানে। শুধু তাই নয়, এখানের প্রধান আকর্ষণ হোলির সময় লাঠিবৃষ্টি। পুরুষদের উপর লাঠি ফেলেন মহিলারা। তা দেখতে ভিড় জমান অনেকে।

দোল পূর্ণিমা উপলক্ষ্যে কৃষ্ণের মূর্তি নিয়ে শোভাযাত্রা করা হয় বাংলা ও ওড়িশায়। নগরকীর্তন নিয়ে বের হন ভক্তেরা। পঞ্জাবের অন্যতম প্রসিদ্ধ স্থান শ্রী আনন্দপুর সাহিব। সেখানে তিন দিন ধরে চলে হোলি উদযাপন। খালসা সম্প্রদায়ের মধ্যে হোলি খেলা দেখার মতো গটকা ও মার্শাল আর্টের প্রদর্শন চলে এখানে। পাশাপাশি হোলির রং উড়িয়ে চলে ঘোড়ার সওয়ারি।
বোলপুর শান্তিনিকেতনের কথা আমাদের সকলেরই জানা। ১৯২০-র দশকের প্রথম দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বিশ্বভারতীতে সূচনা হয় বসন্ত উৎসবের। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে চলে রঙের উৎসব। বিভিন্ন রচনা, আবৃত্তির মধ্য দিয়ে চলে বসন্তে কবির সাধনা। হোলি ঘিরে মহারাষ্ট্রে আবার অন্য রীতি। বাজার থেকে কেনা রং নয়, মহারাষ্ট্রের গ্রামে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে পলাশ ফুল শুকিয়ে তা গুঁড়ো করে রং তৈরি করা হয়। তাই মাখানো হয় একে অপরের গালে।
উত্তরপ্রদেশের ব্রজ এলাকাতেও হোলির সময় ব্যাপক পর্যটকের সমাগম হয়। এখানে আবিরের বদলে ফুলের পাপড়ি দিয়ে হোলি খেলা হয়। সুগন্ধি ফুলের পাপড়ি ছড়িয়ে রঙের উৎসব উদযাপন করেন সকলে। ওই রাজ্যেরই অপর তীর্থক্ষেত্র বারাণসী। সেখানের মণিকর্ণিকা ও হরিশ্চন্দ্র ঘাট প্রসিদ্ধ। এখানে বহু প্রাচীন ভস্ম হোলি বা হিন্দিতে 'মাসান কি হোলি' জনপ্রিয়। চিতা ভস্ম দিয়ে ছাই মাখিয়ে হোলি উদযাপন করা হয় এখানে।
কেরলের আদিবাসী গ্রামে আবার শুধুই হলুদ দিয়ে রঙের উৎসব উদযাপন করা হয়। কেরলের এই প্রাচীন রীতি মঞ্জল কুলি বা উকুলি নামেও পরিচিত। কুদুম্বি ও কোঙ্কনি সম্প্রদায়ের মানুষেরা এইভাবে হোলিতে মাতেন। হলুদ গুঁড়ো দিয়ে হোলি খেলেন সকলে।












Click it and Unblock the Notifications