সিএএ বিরোধী আন্দোলনের সময় পিএফআই সিব্বলকে দিয়েছে ৭৭ লক্ষ টাকা, চাঞ্চল্যকর তথ্যে শোরগোল
সিএএ-র বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে পিএফআই বিপুল পরিমাণ টাকা দিয়েছে কংগ্রেস নেতা কপিল সিব্বলকে। এমনটাই অভিযোগ প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।
সিএএ-র বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে পিএফআই বিপুল পরিমাণ টাকা দিয়েছে কংগ্রেস নেতা কপিল সিব্বলকে। এমনটাই অভিযোগ প্রকাশিত হয়েছে জি নিউজ-সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে। প্রকাশিত খবর অনুযায়ী সেই টাকা সংগ্রহ করা হয়েছিল মূলত উত্তর প্রদেশ থেকে। উত্তর প্রদেশের বহরাইচ, বিজনোর, হাপুর, সামলি, দাশনা থেকে এই টাকা সংগ্রহ করা হয়েছিল বলে অভিযোগ।

পিএফআই-এর বিরুদ্ধে অভিযোগ
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। দিল্লির শাহিন বাগের মতো আন্দোলন সারা দেশের ২৪ জায়গায় চলছে। সারা দেশে বিক্ষোভের নামে হিংসা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, সংক্ষেপে পিএফআই-এর বিরুদ্ধে।

পিএফআই-এর অ্যাকাউন্ট থেকে আইনজীবীদের অর্থ
এই সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য এদিন প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেখানে দাবি করা হয়েছে, পিএফআই-এর অ্যাকাউন্ট থেকে দেশের নামকরা, তথা বড় বড় আইনজীবীদের অর্থ দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে কপিল সিব্বল, ইন্দিরা জয়সিং-এর নাম। কপিল সিব্বলকে ৭৭ লক্ষ টাকা, ইন্দিরা জয়সিংকে ৪ লক্ষ টাকা, দুষ্যন্ত দভেকে ১১ লক্ষ টাকা এবং আব্দুল সমর(এনআইএ চার্জশিটে নাম) কে ৩ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ।

চলছে তদন্ত
সূত্রের খবর অনুযায়ী, তদন্ত চলাকালীন পিএফআই-এর ৭৩ টি অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে বলে দাবি। যার মধ্যে পিএফআই এবং তার সঙ্গে সম্পর্ক যুক্ত রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন সংক্ষেপে আরআইএফ-এর ৯ টি এবং পিএফআই-এর ১৭ টি আলাদা আলাদা ইউনিটের অ্যাকাউন্টে ২ থেকে ৩ দিনের মধ্যে ১২০ কোটি টাকা জমা দেওয়া হয়েছে। অ্যাকাউন্টে নামমাত্র টাকা রেখে ২ থেকে ৩ দিনের মধ্যে সেই টাকা তোলা হয়েছে বলেও জানা গিয়েছে। সেই টাকা পিএফআই-এর কাছ থেকে বড় আইনজীবীদের কাছে পাঠানো হয়েছে বলে অভিযোগ। সেই তালিকায় কংগ্রেস কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বলের নাম রয়েছে বলে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications