'খুব শীঘ্রই পেট্রোল, টাকার দাম ১০০ ছাড়াবে', কেন্দ্রকে বিঁধলেন চন্দ্রবাবু
চন্দ্রবাবু নাইডু কটাক্ষের সুরে বলেছেন, খুব শীঘ্রই পেট্রোলের মূল্য ও ডলারের সাপেক্ষে টাকার মূল্য ১০০ ছাড়াতে চলেছে।
ফের একবার কেন্দ্রকে তির্যক মন্তব্যে বিঁধলেন একদা এনডিএ-র সঙ্গী চন্দ্রবাবু নাইডু। তিনি কটাক্ষের সুরে বলেছেন, খুব শীঘ্রই পেট্রোলের মূল্য ও ডলারের সাপেক্ষে টাকার মূল্য ১০০ ছাড়াতে চলেছে। যেটুকু আর্থিক বৃদ্ধি হচ্ছে তা ভারতের শক্তির জন্য হচ্ছে। এতে এনডিএ সরকারের কোনও কৃতিত্ব নেই। এটা আরও ভালো হতো যদি অন্য কোনও সরকার কেন্দ্রে ক্ষমতায় থাকত। বলেছেন চন্দ্রবাবু।

এক সাংবাদিক সম্মেলনে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেছেন, নোট বাতিল একটা বড় ব্যর্থতা ছিল। কারণ এখনও পর্যন্ত সকলে এতে জর্জরিত হয়ে রয়েছেন। এনডিএ সরকারের ব্যর্থ প্রকল্পের জন্যই সমস্যা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। খুব শীঘ্রই ১০০ টাকা খরচ করে এক লিটার পেট্রোল কিনতে হবে।
ঘটনা হল, সোমবার পেট্রোলের দাম সর্বকালীন রেকর্ড গড়েছে। মুম্বইয়ে ৮৪ টাকা ছাড়িয়ে গিয়েছে। ডলারের সাপেক্ষে টাকার দাম ৭১ ছাড়িয়ে গিয়েছে। এই অবস্থায় অর্থনৈতিক টালমাটাল অবস্থা চলছে বলে বিরোধীরা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তোপ দেগেছে।
তিনি যেভাবে ডিজিটাল লেনদেনের পরামর্শ দিয়েছিলেন তা না মেনে উল্টো পথে হেঁটেছে কেন্দ্র। যার ফলে ডিজিটাল লেনদেনের খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে মানুষ ফের একবার নগদে লেনদেনে ফিরে গিয়েছে। পাশাপাশি মানুষ ব্যাঙ্কিং সিস্টেমের উপরেও আস্থা হারিয়ে ফেলেছে। সরকার নিজে দুর্নীতিগ্রস্ত হয়ে আমজনতাকে সৎ হওয়ার পরামর্শ দিচ্ছে বলে অভিযোগ চন্দ্রবাবুর।












Click it and Unblock the Notifications