আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলেও ভারতে বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম
আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলেও ভারতে বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম
একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শান্তি বৈঠক, অন্যদিকে চিনের তেলের চাহিদা কমে যাওয়া নিয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা নিম্নমুখী! কিন্তু তাও পাঁচ রাজ্যে বিধানসভা ভোট শেষ হতেই ভারতে আবার জ্বালানির দাম বাড়া শুরু হয়েছে!

কোন তেল কত বাড়ল?
পেট্রোল ডিজেল তো বটেই সঙ্গে ইতিমধ্যেই ৫০টাকা বেড়েছে গ্যাসের দাম। সম্প্রতি দেশীয় তেল বিপণন সংস্থাগুলি জ্বালানির হার সংশোধন করছে তাই নতুন করে দাম বাড়ছে পেট্রোল ডিজেলের৷ প্রায় সাড়ে চার মাস দীর্ঘ বিরতির পর মঙ্গলবার ২২ শে মার্চ সপ্তম বার পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানো হয়েছে। পরপর চারদিন দাম বাড়ল পেট্রোল ডিজেলের৷ ২৯ মার্চ মঙ্গলবার ৮০-৮৫ পয়সা পেট্রোল ৭৫ পয়সা ডিজেলে বৃদ্ধি হয়েছে৷ ২০১৭-র জুনে জ্বালানির দৈনিক দাম রিভিউ শুরু হওয়ার পর থেকে এই প্রথম দৈনিক ৮০-৮৫ পয়সা বাড়ল পেট্রোলে।

ইউক্রেন ও রাশিয়ার শান্তি বৈঠকের প্রভাব!
অন্যদিকে গত রবিবার পেট্রোলের দাম ৫০ পয়সা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৫৫ পয়সা বেড়েছিল। সোমবার পেট্রোলের দাম প্রতি লিটারে ৩০ পয়সা এবং ডিজেলের দাম ৩৫ পয়সা বাড়ে, মঙ্গলবার ৮৫ ও ৭৫ পয়সা বাড়ার ফলে সামগ্রিকভাবে শেষ চারদিনে পেট্রোলের দাম প্রতি লিটারে ৪.৮০-৪.৮৫ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম বেড়েছে ৪.৮৫ টাকা প্রতি লিটারে। সারা দেশে জ্বালানীর হার বাড়ানো হয়েছে কিন্তু রাজ্যের করের উপর নির্ভর করে বিভিন্ন রাজ্য তেলের দাম ভিন্ন। অন্যদিকে সোমবার, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তীব্রভাবে কমে যায়। এই সময় ইউক্রেন এবং রাশিয়া শান্তি আলোচনার দিকে ক্রমশ অগ্রসর হচ্ছিল। পাশাপাশি চিনেও জ্বালানীর চাহিদা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ কারণ দেশটি দু'বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক করোনভাইরাস সংক্রমণ ও তার কারণে লকডাউন দেখতে শুরু করেছে। চিনের আর্থিক কেন্দ্র সাংহাইতে ক্রমবর্ধমান করোনার কারণে নতুন করে বিপত্তি তৈরি হয়েছে৷

কোথায় রয়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম?
মঙ্গলবার, গ্লোবাল অয়েল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার ১.১৮ ডলার বা ১.১ শতাংশ কমে ব্যারেল প্রতি ১১১.৩০ ডলারে নেমে এসেছে৷ ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত ফিউচার মঙ্গলবার ১০৩.৪৬ ডলারের সর্বনিম্ন মাত্রা স্পর্শ করেছে৷ ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে।

ভারতে পেট্রোল, ডিজেলের দাম কোন জায়গাতে রয়েছে?
মঙ্গলবার- দিল্লিতে পেট্রোলের দাম ১০০-টা পেরিয়ে অতিক্রম করেছে প্রতি লিটারে ১০০.২১ টাকা এবং জাতীয় রাজধানীতে ডিজেলের দাম প্রতি লিটার ৯১.৪৭ টাকা হয়েছে। মুম্বইয়ে পেট্রোল প্রতি ১১৫.০৪ টাকা এবং ডিজেল ৯৯.২৫ টাকা দরে বিক্রি হচ্ছে৷ চেন্নাইতে, পেট্রোলের দাম ১০৫.৯৪টাকা এবং ডিজেলের দাম ৯৬ টাকা স্পর্শ করেছে। কলকাতায় পেট্রোলের দাম ১০৯.৬৮ টাকা এবং ডিজেলের দাম ৯৪.৬২ টাকা হয়েছে৷ বিশেষজ্ঞরা বলছেন উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ পাঁচরাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ৪ নভেম্বর থেকে পেট্রোল এবং ডিজেলের দাম স্থির ছিল, সেই সময় কাঁচামালের (অশোধিত তেল) দাম ব্যারেল প্রতি প্রায় ৩০ ইএসডি বেড়ে গিয়েছিল৷ ১০ মার্চ পাঁচ রাজ্যে ভোট ঘোষণা পর শীঘ্রই পেট্রোল ডিজেলের ওই হার সংশোধন প্রত্যাশিত ছিল কিন্তু এটি কয়েক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল। তারপর আবার দাম বাড়ল জ্বালানির।












Click it and Unblock the Notifications