মিলল না অনুমতি, ভারতে স্থগিত এক ডোজের করোনা টিকা স্পুটনিক লাইটের ট্রায়াল
মিলল না অনুমতি, ভারতে স্থগিত এক ডোজের করোনা টিকা স্পুটনিক লাইটের ট্রায়াল
কোভিশিল্ড-কোভ্যাক্সিনের পর ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছে রাশিয়ার স্পুটনিক-ভি করোনা ভ্যাকসিন। এমতাবস্থায় ভারতে রাশিয়ার অপর এক টিকার ট্রায়াল শুরুর কথা থাকলেও অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি করল কেন্দ্রীয় সাবজেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি)। কথা ছিল ভারতে ডঃ রেড্ডি'স ল্যাবরোটেরির তত্ত্বাবধানেই হবে স্পুটনিক লাইট টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল। কিন্তু ট্রায়াল শুরুর পিছনে কোনোরকম সঠিক বৈজ্ঞানিক কারণ দেখতে না পেয়েই এমন সিদ্ধান্ত এসইসির, খবর সূত্রের।

এক ডোজের স্পুটনিকের কার্যকারিতা নিয়ে সন্দেহ
গবেষকমহলের মতে, দুই ডোজের স্পুটনিক-ভি-র প্রথম ডোজের উপাদান দিয়েই তৈরি এই এক ডোজের স্পুটনিক লাইট। এদিকে অ্যাডিনোভাইরাস ২৬ ওরফে এডি২৬ নির্মিত একক ডোজের ভ্যাকসিন রোগ প্রতিরোধী ক্ষমতা গড়ে তুলতে কতটা কার্যকর, পূর্বের ট্রায়ালের ফলাফলের উত্তর নির্ভবর করে সে বিষয়ে গবেষণা করতে চেয়ে ইতিমধ্যেই আবেদন করেছে ডঃ রেড্ডি'স ল্যাবরেটরি। যদিও মাত্র এক ডোজে প্রতিরোধী শক্তি তৈরি না হওয়ায় এই ট্রায়াল যে প্রথম থেকেই অপ্রয়োজনীয়, সেরকম দাবি তুলেই রেড্ডি'স ল্যাবের অনুমতি খারিজ করে এসইসি।

এক ডোজেই সুরক্ষা ৮০%!
ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে রাশিয়ার মেলবন্ধন ঘটিয়ে দেশে স্পুটনিক লাইট আনার চেষ্টায় বহুদিন ধরেই কাজ করে চলেছে ডঃ রেড্ডি'স ল্যাবরেটরি। দেশে দুই ডোজের স্পুটনিক-ভি সরবরাহের ক্ষেত্রেও নতুন দিশা দেখান ডঃ রেড্ডি'স ল্যাবরেটরির সর্বভারতীয় প্রধান দীপক সাপরা। রেড্ডি'স ল্যাবের সিইওর মতে, "এক ডোজেই স্পুটনিক লাইট ৮০% সুরক্ষা দিতে সমর্থ। ভারতে ছাড়পত্র পেলে এক ডোজের ভ্যাকসিনের দাম দাঁড়াবে ৭৩০ টাকার কাছাকাছি।" মাত্র এক ডোজেই যাতে প্রাথমিক সুরক্ষা দেওয়া যায়, সেই প্রশ্নেই সুর চড়িয়েছেন দীপক সাপরা।

স্পুটনিক লাইট না পেলেও ছাড়পত্র পেয়েছে স্পুটনিক-ভি
স্পুটনিক লাইটের ট্রায়াল আটকে গেলেও গত এপ্রিলে দেশে জরুরিভিত্তিতে ব্যবহারের উদ্দেশে ডিসিজিআইয়ের সবুজ সঙ্কেত পেয়েছে স্পুটনিক-ভি। বর্তমানে ডঃ রেড্ডি'স ল্যাবরেটরি ও পুনের সিরাম ইনস্টিটিউটের তত্ত্বাবধানে স্পুটনিক-ভি তৈরি হলেও যাতে দেশে সঠিকভাবে এর উৎপাদন সম্ভব হয়, তার জন্য ডিসিজিআইয়ের কাছে আবেদন করেছে টিকা সংস্থা। অন্যদিকে সারা দেশে কোভিডের মহৌষধি ২-ডিজি সরবরাহের দায়িত্ব ইতিমধ্যেই নিজের কাঁধে তুলে নিয়েছে ডঃ রেড্ডি'স ল্যাব।

ডিআরডিও-র ওষুধ তৈরি করে সাড়া ফেলেছে রেড্ডি'স ল্যাব
সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে দেশের মেট্রো শহর সহ সকল টায়ার-১ শহরে ২-ডিজি সরবরাহ করবে রেড্ডি'স ল্যাব। প্রায় ৯৯.৫% বিশুদ্ধ এই ২-ডিজির প্রত্যেক পাতার দাম হবে প্রায় ৯৯০ টাকা। ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ জি সথীস রেড্ডির বক্তব্য, "আমাদের আধুনিক প্ৰযুক্তি এবং রেড্ডি'স ল্যাবের বিনিয়োগে ২-ডিজি প্রকল্প সারা ভারতে সফল হবে।" ২-ডিজি আসলে কৃত্রিম ভাবে তৈরি মডিফায়েড গ্লুকোজ অণু, যা করোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা হয়। কিছুদিন আগেই এই ওষুধ তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।












Click it and Unblock the Notifications