শেষ দফা নির্বাচনের আগে CAA আইনে নাগরিকত্ব পেলেন বাংলার আবেদনকারীরা! বড় পদক্ষেপ শাহের মন্ত্রকের
CAA: শেষ এবং সপ্তম দফার নির্বাচন রয়েছে শনিবার। আর তার আগে সিএএ আইনে পশ্চিমবঙ্গের মানুষকে নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করল কেন্দ্রিয় সরকার। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই অনুযায়ী, নাগরিকত্ব (সংশোধন) নিয়মের ২০২৪-এর অধীনে নাগরিকত্ব শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গ ছাড়াই হরিয়ানা এবং উত্তরাখন্ডেও সিএএ আইনে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে এই প্রথম বাংলা থেকে আবেদন করা বাসিন্দারা নাগরিকত্ব (CAA) পেলেন। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সিএএ নিয়ে লাগাতার সুর চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বাংলায় সিএএ কার্যকর হবে না বলেও স্পষ্ট করেছেন। এমনকি সিএএ'তে আবেদন করলে বিদেশি ঘোষণা করে দেওয়ার কথাও নির্বাচনী প্রচারে গিয়ে একাধিকবার তুলে ধরেছেন তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয়, দিল্লিতে জোট সরকার আসলে সিএএ-এনআরসি বাতিলের প্রতিশ্রুতিও দেন। যদিও এনআরসি নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে বলে পাল্টা সরব হয় বঙ্গ বিজেপি নেতারা।
এমনকি বাংলায় এসে এই ইস্যুতে কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। তাঁরা স্পষ্ট জানান, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বোঝাচ্ছেন। এই আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয়, দেওয়ার আইন বলে জানান। এমনকি সিএএ কার্যকর হওয়া থেকে মুখ্যমন্ত্রী কিছুতেই ঠেকাতে পারবেন না বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক এই বিতর্কের মধ্যেই বাংলা থেকে আবেদন করা বেশ কয়েকজনকে নাগরিকত্ব দিল স্বরাষ্ট্রমন্ত্রক।
জানা গিয়েছে, অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন। সমস্ত দিক খতিয়ে দেখেই সিএএ আইনে নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ। বলে রাখা প্রয়োজন, লোকসভা ভোটের আগে এই বিষয়ে ঐতিহাসিক পদক্ষেপ নেয় মোদী সরকার। ১২ মার্চ দেশজুড়ে লাগু হয়ে যায় সিটিজেন্স অ্যামেডমেন্ট বিল ২০১৯ অর্থাৎ CAA।
বিল অনুযায়ী, তিনটি দেশ অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মালম্বী দেশ থেকে যে সমস্ত সংখ্যালঘু মানুষ ভারতে আশ্রয় চান তাহলে তা ভারত দেবে। মুলত তিন দেশ থেকে ৩১ ডিসেম্বর ২০১৪ সালের আগে আসা সংখ্যালঘুক যেমন- হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ এবং পার্সদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার বিধান করা হয়েছে।












Click it and Unblock the Notifications