করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী সাধারণ মানুষের ‘গা-ছাড়া’ মনোভাব, মত বিশেষজ্ঞদের
করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী সাধারণ মানুষের ‘গা-ছাড়া’ মনোভাব, মত বিশেষজ্ঞদের
দেশে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। দেশের পাশাপাশি বাংলায় বিশেষ করে কলকাতা ও শহরতলীতে করোনা সংক্রমণ নতুন করে বৃদ্ধি পেতে শুরু করেছে। করোনা সংক্রমণের এই বৃদ্ধির জন্য বিশেষজ্ঞরা সাধারণ মানুষের করোনা বিধি মেনে চলার বিষয়ে অনীহাকে দায়ী করেছেন। তাঁরা জানিয়েছেন, বেশিরভাগ সাধারণ মানুষ মাস্ক ছাড়াই বাইরে বের হচ্ছেন। করোনা বিধির প্রায় কিছুই মেনে চলছেন না। সেই কারণে করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে।

দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলা থেকে জনবহুল এলাকায় দুরত্ব বিধি মেনে চলার প্রবণতা এখন আর নেই। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, যে হারে করোনা সংক্রণ রাজ্যে বৃদ্ধি পাচ্ছে তা আগের মতো বিপজ্জনক পর্যায়ে পৌঁছতে নাও পারে। করোনা মহমারীর সময় দেশ যে রকম মৃত্যু দেখেছিল, টিকার কারণে তা প্রত্যক্ষ নাও করতে হতে পারে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।
জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরর্স-এর সদস্য হীরালাল কোনার বলেন, সাধারণ মানুষ করোনা বিধিকে আগের মতো গুরুত্ব দিতে চাইছে না। প্রাক করোনা সময়ের মতো তাঁরা জীবনযাপন করতে চাইছেন। বাইরে বের হলে দেখা যায়, বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই। সামাজিক দুরত্ব বিধি কাকে বলে তা বোধহয় সাধারণ মানুষ ভুলেই গিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, জনসংখ্যার একটা বড় অংশ যেহেতু টিকা নিয়ে নিয়েছেন, সংক্রমণ তাই আগের মতো বৃদ্ধি নাও পেতে পারে। আগের থেকে করোনায় মৃত্যুর হার অনেকটা কমবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
বেলেঘাটা আইডি হাসপাতালের প্রিন্সিপাল অনিমা হালদারের গলায় একই সুর। তিনি কোনারের মন্তব্যকে সমর্থন করে বলেন, প্রতিদিন হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এটা যথেষ্ট চিন্তার। যদিও রাজ্যের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সাধারণ মানুষ করোনা বিধি তোয়াক্কা করছে না আর। যার জেরে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে।
বাংলায় যেহারে সংক্রমণ বাড়ছে করোনা বিধি মানা শুরু না করলে পরিস্থিতি ভয়ানক হয়ে উঠতে পারে। গত দেড় সপ্তাহে রাজ্যে করোনা সংক্রমণ প্রায় ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা উদ্বেগের যথেষ্ট কারণ। যেখানে ৪ জুন বাংলায় ৩১ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল, ঠিক ১৫ দিনের মাথাতে অর্থাৎ ১৯ জুন রাজ্যে ৩৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যের মধ্যে উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণ সব থেকে বেশি।
শহরে আইসিএমআর-নাইসেডের প্রধান শান্তা দত্তের মতে অনেকেই এখনও টিকা নেননি। টিকা না নিলে করোনা সংক্রমণের হার আরও বাড়বে। তিনি বলেছেন, সাধারণ মানুষ এমন আচরণ করছে যেন করোনার সংক্রমণ কখনও আসেনি। মানুষ কী করে করোনার গত দুটো ঢেউয়ের কথা ভুলে যেতে পারে। মানুষ ভিড় বাসে, ট্রেনে এমনভাবে যাতায়াত করছে, তা দেখলে আতঙ্কিত হয়ে পড়তে হয়। তবে রাজ্যের বেশিরভাগ মানুষ করোনার টিকা নিয়েছেন। তাই পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে।












Click it and Unblock the Notifications