বিজেপি ছাড়লেন প্রাক্তন ‘পতিদার’ নেত্রী, লোকসভা ভোটের মুখে মোদী-রাজ্যে বড় ভাঙন
পতিদার আন্দোলনের অন্যতম মুখ হার্দিক প্যাটেল আগেই যোগ দিয়েছিলেন কংগ্রেস শিবিরে। এবার পতিদার আন্দোলনেরই আর এক নেত্রী রেশমা প্যাটেল ছাড়লেন বিজেপি।
পতিদার আন্দোলনের অন্যতম মুখ হার্দিক প্যাটেল আগেই যোগ দিয়েছিলেন কংগ্রেস শিবিরে। এবার পতিদার আন্দোলনেরই আর এক নেত্রী রেশমা প্যাটেল ছাড়লেন বিজেপি। লোকসভা ভোটের মুখে মোদী-রাজ্যে বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। শনিবার রাজ্য বিজেপি সভাপতি রীতু ভাঘানিকে চিঠি লিখে তিনি বিজেপি ত্যাগের কথা জানান।

বিজেপি এখন মার্কেটিং কোম্পানি
এদিন চিঠিতে রেশমা লিখেছেন, বিজেপি এখন একটা মার্কেটিং কোম্পানিতে পরিণত হয়েছে। মিথ্যা সব প্রকল্পের কথা প্রচার করে মানুষকে বোকা বানাচ্ছে। যে সব গালভরা কথা বলে বিজেপি ক্ষমতায় এসেছিল, সেইসব রক্ষা করতে পারেনি, এখনও মিথ্যাচার করে চলেছে।

‘মানুষের সেবার জন্য বিজেপি ত্যাগ’
তিনি বলেন, আমরা মানুষের সেবার জন্য কাজ করতে চাই। কিন্তু মানুষকে বোকা বানানো আমাদের লক্ষ্য নয়। তাই দলত্যাগ করছি। তাঁর আরও অভিযোগ, বিজেপির শীর্ষ নেতারা বরাবরই নীচুতলার নেতা-কর্মীদের ওপরে খবরদারি করেন। তাদের চাপেই দলের কর্মীরা শ্রমিকের মতো খাটতে বাধ্য হন।

‘শ্রমিক হয়ে কাজ করা যায় না’
তিনি বলেন, কোনও দলে কর্মী হয়ে কাজ করা যায়, শ্রমিক হয়ে কাজ করা যায় না। কোনওমতেই দলের নেতাদের অন্যায় মেনে নিতে চাই না। তাই এই প্রতিবাদ। মানুষের স্বার্থেই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছি। এর আগে পতিদার আন্দোলন ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেনে রেশমা।

কথা রাখেনি বিজেপি
রেশমা বলেন, বিজেপি কথা দিয়েছিল পতিদারদের সব দাবি মিটিয়ে দেবে। এই প্রতিশ্রুতির পরই বিজেপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা হয়নি। মানুষ বঞ্চিত। প্যাটেলদের ভোটেই শেষমেশ ক্ষমতা ধরে রাখতে সমর্থ হয় বিজেপি। কিন্তু কথা রাখেনি বিজেপি।












Click it and Unblock the Notifications