মহাকুম্ভের জন্য বিশেষ ট্রেনকে আক্রমণ জনতার, ভাঙল জানালার কাচ
মহাকুম্ভের যাত্রীদের জন্য চলাচলকারী একটি বিশেষ ট্রেনে বিক্ষুব্ধ জনতা আক্রমণ করেছে। ট্রেনে যাত্রীরা উঠতে না পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন। কারণ কম্পার্টমেন্টের দরজা বন্ধ ছিল।
হতাশা দ্রুত হিংসায় পরিণত হয়। প্ল্যাটফর্ম থেকে ট্রেনের দিকে পাথর ছোড়া হয়। এতে ট্রেনের জানালা ভেঙে যায় এবং ভেতরে থাকা লোকেরা আতঙ্কিত হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের থেকে ও সোশ্যাল মিডিয়া ভিডিও থেকে দেখা গিয়েছে, ট্রেনটি হরপালপুর স্টেশনে থামার পর যাত্রীদের আক্রমণের মুখে পড়ে। একজন যাত্রী বলেন, “ট্রেনটি গতকাল রাত ৮টায় ঝাঁসি স্টেশন থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে ছেড়েছিল। হরপালপুরে পৌঁছে আক্রমণের মুখে পড়ে। উন্মত্ত জনতা ট্রেনটিকে ক্ষতিগ্রস্ত করে এবং ভিতরে পাথর ছুড়ে মারে। ভিতরে নারী ও শিশু থাকা সত্ত্বেও কেউ কথা শোনেননি।”
বিশেষ ট্রেনটি প্রয়াগরাজের মহাকুম্ভে যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য চালু হয়েছিল। ঝাঁসি থেকে প্রায় দুই ঘণ্টা দূরে হারপালপুর স্টেশনে যাত্রীরা বন্ধ দরজা দেখে বাধা পেয়ে আক্রমণাত্মক হয়ে পড়েন।
রেল পুলিশ ও স্থানীয় পুলিশ দ্রুত ছুটে আসে। হারপালপুর থানার ইনচার্জ পুষ্পক শর্মা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ করেছেন যে ট্রেনটি রাত ২ টোর দিকে স্টেশনে পৌঁছে আক্রমণের শিকার হয়। রেলওয়ে মুখপাত্র মনোজ সিং বলেন, “প্রয়াগরাজের দিকে যাওয়া যাত্রীদের ভিড় প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল। ট্রেন এলে তারা ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু দরজা বন্ধ দেখতে পায়। তারা উত্তেজিত হয়ে পড়ে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে।” পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।












Click it and Unblock the Notifications