Parliament Security Breach: সংসদ হানার মাস্টারমাইন্ড ললিত ঝা গ্রেফতার, রাজধানীতেই ধরল পুলিশ
Parliament Security Breach: বুধবার যে ঘটনায় কার্যত তোলপাড় গোটা দেশ, সংসদ হানার সেই ঘটনায় গ্রেফতার হলেন মাস্টারমাইন্ড ললিত ঝা। গত ২৪ ঘণ্টা ধরে চিরুণি তল্লাশি চলেছে দেশ জুড়ে। পাওয়া গিয়েছে কলকাতা-যোগও। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করা হল ললিতকে। দিল্লি থেকেই গ্রেফতার করা হয়েছে তাঁকে।
বুধবার দুপুরে সংসদে (Parliament Security Breach) বিজেপি সাংসদ খগেন মুর্মু যখন প্রশ্ন করছিলেন, সেই সময় আচমকা দর্শকের গ্যালারি থেকে লাফ দেন দুজন। তাঁরা দৌড়ে স্পিকারের দিকে এগিয়ে যান। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সাংসদরা। তড়িঘড়ি সংসদ থেকে বেরিয়ে পড়েন তাঁরা।

ওই ঘটনার পর বুধবার বিকেলেই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। শুধুমাত্র ললিত ঝা-র কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ললিত নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে। আর এরপরেই গ্রেফতার করা হয়। ইতিমধ্যে ললিতকে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ললিত ঝা তাঁর মোবাইলে পুরো ঘটনা (Parliament Security Breach) ক্যামেরাবন্দি করেছিলেন। তারপর তা পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়ো পাঠিয়েছিলেন এ রাজ্যের বাসিন্দা কলেজ ছাত্র নীলাক্ষ আইচকেও।
Parliament security breach accused, Lalit Mohan Jha arrested by Delhi Police
— ANI (@ANI) December 14, 2023
এদিন সন্ধ্যায় জানা যায়, ললিত ঝা-র শেষ লোকেশন রাজস্থানে। ললিত ঝা-কে প্রশ্ন করে পুলিশ ওই ঘটনা সম্পর্কে একাধিক উত্তর পাবে বলেই মনে করছে। পুলিশ মনে করছে, ১৩ ডিসেম্বর হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন ললিতই। তারপর পুরো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় তোলার পরিকল্পনাও ছিল ললিতেরই।
উল্লেখ্য, পুলিশ জানতে পেরেছে একসময় কলকাতার বড়বাজারে থাকতেন ললিত ঝা। সেখানকার একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে টিউশন পড়াতেন। তাঁকে শিক্ষক বলেই চিনতেন প্রতিবেশীরা। বছর দেড়েক আগে তিনি বড়বাজার ছেড়ে চলে যান। সেই ঘরে এখন তালা লাগানো রয়েছে। এই রাজ্যের একটি এনজিও-র সঙ্গেও তিনি যুক্ত ছিলেন বলেও জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications