Parliament Security Breach: সংসদে হামলার ঘটনার সঙ্গে যোগ নেই সাংসদের সাসপেনশনের, দাবি বিড়লার
Parliament Security Breach: সংসদে স্প্রে অ্যাটাকের ঘটনায় এখনও অবধি পুলিশের জালে ছয় অভিযুক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
তারই মধ্যে লোকসভার সাংসদদের কাছে পৌঁছে গেল অধ্যক্ষ ওম বিড়লার চিঠি। যাতে তিনি জানালেন, সংসদে হামলার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়েছেন তিনি।

ওম বিড়লা চিঠিতে লিখেছেন, ১৩ ডিসেম্বর সংসদে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও চিন্তার বিষয়। সকলেই সম্মিলিতভাবে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ওইদিনই আমি বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে জানতে চেয়েছিলাম সংসদের সুরক্ষার বন্দোবস্ত আরও কীভাবে উন্নত করা যায়।
সেই বৈঠক থেকে উঠে আসা বেশ কিছু সুপারিশ ইতিমধ্যেই কার্যকরও করা হয়েছে বলে জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ। ওম বিড়লা জানান, ঘটনার পুঙ্খানুপুঙ্খ ও পূর্ণাঙ্গ তদন্তের জন্য গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সংসদের নিরাপত্তা সংক্রান্ত নানা দিক খতিয়ে দেখতে হাই-পাওয়ারড কমিটিও গঠন করা হয়েছে।
এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা সুনিশ্চিত করতে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিষয় পর্যালোচনা করে রিপোর্ট জমা দেবে উচ্চ পর্যায়ের এই কমিটি। ওম বিড়লার চিঠিতে উল্লেখ, বন্দুক নিয়ে সংসদে ঢুকে পড়া, স্লোগান দেওয়া, ভিজিটরস গ্যালারি থেকে লাফ দেওয়া বা লিফলেট ছড়ানোর মতো ঘটনার সাক্ষী অতীতেও থেকেছে গোটা দেশ।
এই ধরনের ঘটনা প্রতিরোধে দল-মত নির্বিশেষে সকলকে একজোট হওয়ার বার্তাই দিতে চেয়েছেন লোকসভার স্পিকার। তিনি লিখেছেন, বিভিন্ন রাজনৈতিক দল ও কয়েকজন সাংসদ সংসদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনার সঙ্গে ১৪ জন সাংসদের সাসপেন্ড হওয়ার ঘটনা মিলিয়ে দিতে চাইছেন। যা দুর্ভাগ্যজনক।
সংসদের পবিত্রতা রক্ষার স্বার্থেই ১৪ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে বলে দাবি ওম বিড়লার। তিনি বলেন, সংসদের নতুন ভবন উদ্বোধনের সময় সকলে মিলে ঠিক করা হয়েছিল অধিবেশন কক্ষের ভিতর প্ল্যাকার্ড প্রদর্শন করা হবে না, হৈ-হট্টগোল থেকে বিরত থাকবেন সাংসদরা। সংসদের কাজকর্মকে বিঘ্নিত করার মতো কোনও ঘটনা দেশের মানুষজন পছন্দ করেন না।
ওম বিড়লা জানিয়েছেন, সাংসদের সাসপেন্ড করতে তাঁর ভালো না লাগলেও ভবিষ্যতে যাতে সকলে সংসদীয় আচার-আচরণ ও গরিমা সম্পর্কে সজাগ থাকেন, সেই বার্তা দিতেই নিয়ম মেনে কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। সংসদে হামলার ঘটনা নিয়ে রাজনীতি না করার বার্তা দিয়েছে শাসক দল। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে চলেছে বিরোধীরা। রাজ্যসভা থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও'ব্রায়েন সাসপেন্ড হয়েছেন। লোকসভার ১৩ সাংসদও সাসপেনশনের মুখে পড়েছেন। যার মধ্যে ৯ জন কংগ্রেসের।












Click it and Unblock the Notifications