গুজরাত ভোট শেষ, এবার সংসদে অধিবেশনে তর্কে মাতবে বিজেপি-কংগ্রেস
গুজরাত ও হিমাচলপ্রদেশের ভোটযুদ্ধে সরাসরি শামিল হওয়ার পর এবার সেই পালা চুকিয়ে সংসদের অন্দরে ঝড় তুলতে নামছে বিজেপি-কংগ্রেস।
গুজরাত ও হিমাচলপ্রদেশের ভোটযুদ্ধে সরাসরি শামিল হওয়ার পর এবার সেই পালা চুকিয়ে সংসদের অন্দরে ঝড় তুলতে নামছে বিজেপি-কংগ্রেস। প্রায় দু'মাস ধরে ভোট নিয়ে মেতে ছিল দুই দল। বিরোধীরা নানা ইস্যুতে সরকারকে আক্রমণ করলেও সংসদে টুটি চেপে ধরতে পারেনি। শীতকালীন অধিবেশন সেই সুযোগ এনে দিল।

জিএসটি থেকে শুরু করে, মূল্যবৃদ্ধি, নোট বাতিলের নানা প্রভাব নিয়ে শীতকালের সংসদ অধিবেশনের উত্তাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
অধিবেশন শুরু আগে দুটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। প্রথমটা ডেকেছে ক্ষমতাসীন এনডিএ দল। দ্বিতীয়টি ডেকেছেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন। প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপক্ষ সব দলের সহযোগিতার কথা বলবেন।
সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, সংসদের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রধানমন্ত্রী সব দলের কাছে সহযোগিতা চাইবেন। তিন তালাক, পিছিয়ে পড়া বর্গের বিল সহ একাধিক বিল নিয়ে এবারে সংসদে আলোচনা হবে।
এদিকে সরকারের তরফে সর্বদলীয় বৈঠক হওয়ার আগে বিরোধীরা একজোট হয়ে বৈঠকের আয়োজন করেছিল। সেখানে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ন্যাশনাল কনফারেন্স, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, সিপিআই সহ একাধিক দল উপস্থিত থেকে বিরোধী রণনীতি নিয়ে আলোচনা করেছে।
এবারের শীতকালীন অধিবেশন ১৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত হবে। ২১ দিনের সেশনে মোট ১৪ দিন সংসদ বসবে। লোকসভা ও রাজ্যসভা দুই জায়গাতেই আলোচনা হবে।












Click it and Unblock the Notifications