বিহারে নয়া 'টুইস্ট', গঠিত ৯ দলের জোট! নীতীশকে চ্যালেঞ্জ 'রবিনহুড' পাপ্পু যাদবের
পাপ্পু যাদব নিজে স্বীকার করেন যে তিনি একটি অপ্রত্যাশিত মিসাইলের মতো, যা যে কোনও দিকে উড়ে গিয়ে ধ্বংস ডেকে আনতে পারে। এহেন পাপ্পু যাদবকেই আসন্ন বিহার নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করল প্রোগ্রেসিভ ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা পিডিএ জোট। এই জোটে রয়েছে চন্দ্রশেখর আজাদ রাবণের আজাদ সমাজ পার্টিও।

ন'টি আলাদা রাজনৈতিক দলের সঙ্গে ফ্রন্ট তৈরি
বিহার বিধানসভা ভোটে, ন'টি আলাদা রাজনৈতিক দলের সঙ্গে ফ্রন্ট তৈরি করেছেন পাপ্পু যাদব, যার নাম দেন প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক অ্যালায়েন্স (পিডিএ জোট)। এই জোটের তরফে বিহারের ২৪৩টি আসনেই প্রার্থী দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই পাপ্পুকেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এককালে রাজ্যের রাজনীতিতে সবচেয়ে বড় 'ভোটকাটুয়া' বলে অভিহিত করেছেন।

পাপ্পু যাদবের রাজনৈতিক কেরিয়ার
১৯৯০ সালে পাপ্পু সিংশেরস্থান বিধানসভা আসন থেকে প্রথমবার বিধায়ক (নির্দল) হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এরপর নির্দল প্রার্থী হিসেবে তিনবার তিনি পূর্ণিয়া থেকে সাংসদ হন। ১৯৯১, ১৯৯৬ এবং ১৯৯৯ সালে। এরপর দু'বার মাধেপুরা আসন থেকে আরজেডির টিকিটে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি।

লালুকে রেয়াত করেননি পাপ্পু
আরজেডিতে থাকার সময় পাপ্পু একাধিকবার, একাধিক ইশুতে লালুপ্রসাদের বিরুদ্ধে কথা বলেছেন এবং দলের বিরুদ্ধেও মুখ খুলেছেন। এমনকী, একবার তিনি ঘোষণা করেছিলেন, দলে লালু ছাড়া আর কোনও নেতাকে তিনি পরোয়া করতেনন না। বর্তমানে অবশ্য পাপ্পু জন অধিকার পার্টির সভাপতি।

জিতনরাম মাঁঝিকে অকর্মণ্য বলেছিলেন পাপ্পু
অবশ্য শুধু লালুপ্রসাদ নন। পাঁচ বারের সাংসদ এবং একবারের বিধায়ক পাপ্পু সময়ের ফেরে বিহারের বেশিরভাগ নেতার বিরুদ্ধেই চাছাছোলা মন্তব্য করেছেন। মাধেপুরার প্রাক্তন সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব, তৎকালীন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঁঝিকে একজন অকর্মণ্য ব্যক্তি বলেও অভিহিত করেছিলেন।

পাপ্পুর বিতর্কিত ট্র্যাকরেকর্ড
তাৎপর্যপূর্ণভাবে, পাপ্পুর নিজের ডাকাতি থেকে শুরু করে মুক্তিপণ চেয়ে হুমকি দেওয়ার বিতর্কিত ট্র্যাকরেকর্ড আছে। যদিও এটাও সত্যি যে প্রাক্তন এই ডন তাঁর রবিন হুড ব্যক্তিত্বের জন্যও বিখ্যাত। যদিও এই বিপুল অর্থের উৎস নিয়ে পাপ্পুর দাবি, তিনি নিজের জমি বিক্রি করে, সেই টাকা বিপন্ন মানুষকে বিলিয়ে দিয়েছেন। এবং এবারে মুখ্যমন্ত্রী হলে তিনি রাজ্যকে ৬ মাসের মধ্যে দুর্নীতি মুক্ত করে দেবেন বলে দাবি করেছেন।












Click it and Unblock the Notifications