সঈদকে সঙ্গ দেওয়ায় ভারতের আপত্তি, এমনই পদক্ষেপ নিতে বাধ্য হল প্যালেস্তাইন
ভারতের আপত্তিতে পাকিস্তানের নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিল প্যালেস্টাইন। রাওয়ালপিন্ডিতে হওয়া জঙ্গি সংগঠনের সভায় হাফিজ সঈদের সঙ্গেই দেখা গিয়েছিল প্যালেস্টাইনের রাষ্ট্রদূতকে।
ভারতের আপত্তিতে পাকিস্তানের নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিল প্যালেস্টাইন। রাওয়ালপিন্ডিতে হওয়া জঙ্গি সংগঠনের সভায় মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সঈদের সঙ্গেই দেখা গিয়েছিল প্যালেস্টাইনের রাষ্ট্রদূতকে। ঘটনায় প্যালেস্টাইনের কাছে প্রতিবাদ জানায় ভারত।

শুক্রবার পাকিস্তানে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ওয়ালিদ আবু আলিকে দেখা গিয়েছিল রাওয়ালপিন্ডিতে মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সঈদের সঙ্গে। শুধু তাই নয়, তাঁকে ভাষণ দিতেও দেখা গিয়েছিল। এরপরেই প্যালেস্টাইনের কাছে তীব্র অসন্তোষ জানায় ভারত। রাষ্ট্রপুঞ্জের কালো তালিকাভুক্ত সংগঠনের প্রধানের সঙ্গে তাদের রাষ্ট্রদূতের উপস্থিত থাকাকে ভারত কোনও ভাবেই মেনে নিচ্ছে না বলে জানিয়ে দেয় বিদেশমন্ত্রক।
বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়, দিল্লিতে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত এবং সেদেশের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রীকে ভারতের আপত্তির কথা জানানো হয়েছে। ভারতের উদ্বেগের কথাও পৌঁছে দেওয়া হয় তাদের কাছে। ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় প্যালেস্টাইন। একইসঙ্গে সঈদের অনুষ্ঠানে তাদের দেশের প্রতিনিধির যোগদানের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানানো হয়।
ভারতে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত আদনান আবু অল হজ জানিয়েছেন, তাঁদের সরকার সবসময়ই জঙ্গিদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের পাশে রয়েছে। একইসঙ্গে তিনি জানান, পাকিস্তানের নিযুক্ত তাদের দেশের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেদেশের রাষ্ট্রপতি মেহমুদ আব্বাসের নির্দেশ কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত ফেব্রুয়ারিতে যাচ্ছেন প্যালেস্টাইন সফরে। এটা নরেন্দ্র মোদীর প্রথম প্যালেস্টাইন সফর হতে যাচ্ছে। অন্যদিকে, জানুয়ারিতেই ভারত সফরে আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।












Click it and Unblock the Notifications