Pahalgam Terror Attack: নিয়ন্ত্রণরেখায় ফের গোলাগুলি পাকিস্তানের, ৭২ ঘণ্টায় ৯ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল ভারত
Pahalgam Terror Attack: টানা তিনদিন। সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান। তুতমারি গলি ও রামপুরা সেক্টরের উল্টোদিকে গুলি চালাতে শুরু করে পাকিস্তান। কুপওয়াড়ায় বছর ৪৫ এর সমাজসেবীকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। পাল্টা জবাব ভারতীয় সেনারও। এদিকে পহেলগাঁও জঙ্গি হামলায় জড়িত থাকায় গত ৭২ ঘণ্টায় মোট ৯ জন জঙ্গির বাড়ি বিস্ফোরণে গুঁড়িয়ে দিল ভারত।
গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে গিয়েছে ভয়াবহ জঙ্গি হামলা। বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। ২৬ জন পর্যটককে খুন হতে হয়। রবিবার পাকাপাকিভাবে সেই ঘটনার তদন্তভার নিল এনআইএ। ক্যাম্প বসিয়ে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করেন NIA এর সন্ত্রাসদমন শাখার আইজি, ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার অফিসারেরা।

জঙ্গিদের সহায়তা করার অভিযোগে রবিবার দু'জন সক্রিয় ওভার গ্রাউন্ড ওয়ার্কারকেও গ্রেফতার করেছে বুদগাম পুলিশ। ধৃত দু'জনের নাম তাহির আহমেদ কুমার ও শাবির আহমেদ গানাই। জঙ্গি সংগঠনগুলির সঙ্গে এদের সরাসরি যোগ ছিল বলেই জানিয়েছে পুলিশ।
এদিকে জম্মু ও কাশ্মীরে আরও ২ জন সন্দেহভাজন জঙ্গির ঘর গুঁড়িয়ে দেওয়া হল। এদের মধ্যে একজন আবার জঈশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সদস্য। পহেলগাঁও হামলার পর এই নিয়ে গত ৭২ ঘণ্টায় ৯ জন জঙ্গির ঘর উড়িয়ে দিল ভারত। জঙ্গিমূলক কার্যকলাপের সঙ্গে যারাই জড়িত, তাদের এই পরিণতি করা হবে বলে স্পষ্ট জানিয়েছে কেন্দ্র।
সূত্রের খবর, এদিন বান্দিপোরার নাজ কলোনিতে জামিল আহমেদ শীর গজরি নামে এক জঙ্গির বাড়ি ধ্বংস করা হয়েছে। ২০১৬ থেকে ওই এলাকায় রয়েছে এই সক্রিয় জঙ্গি। অন্যদিকে পুলওয়ামার ত্রাল সেক্টরের খাসিপোরায় আমির নাজির ওয়ানি নামে অপর এক জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ২০২৪ সালে জঈশ ই মহম্মদ জঙ্গিগোষ্ঠাতে নাম লেখায় ওয়ানি। এর আগে দক্ষিণ কাশ্মীরের কুপওয়াড়ায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে লস্কর-ই-তৈবার জঙ্গির বাড়ি। কুপওয়াড়ায় বিস্ফোরণে উড়ল জঙ্গি ফারুক আহমেদ তিদওয়ার বাড়ি।
জম্মু ও কাশ্মীরের এক পুলিশ আধিকারিক জানান, সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ক ধ্বংস করতে এদিন শ্রীনগরের প্রায় ৬০টি জায়গায় তল্লাশি চালানো হয়। এদিকে কুপওয়াড়ায় জঙ্গিদের গুলিতে নিহত হলেন বছর পঁয়তাল্লিশের পেশায় সমাজ কর্মী এক ব্যক্তি। শনিবার রাতে বাড়ির সামনেই তাঁকে গুলি করে জঙ্গিরা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে মৃত্যু হয় তাঁর। সমাজ কর্মীকে কেন জঙ্গিরা টার্গেট করল, তা নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications