ফের যুদ্ধ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, জম্মু সীমান্তে গুলিবিদ্ধ ২ BSF জওয়ান
ফের জম্মু-কাশ্মীর সীমান্তে উত্তেজনা। হঠাৎ করেই গতকাল রাতে জম্মু সীমান্তে গুলি বর্ষণ শুরু করেছে পাক সেনা। জম্মুর আরনিয়া সেক্টরে গুলি বর্ষণ শুরু হয়েছে। তাতে বিএসএফের ২ জওয়ান গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কাশ্মীর সীমান্তে।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর তেমন ভাবে যুদ্ধ বিরতি লঙ্ঘন করতে দেখা যায়নি পাক সেনাকে। এমনকী সীমান্ত অনুপ্রবেশও বন্ধ হয়ে গিয়েছে। উপত্যকায় জঙ্গিকার্য কলাপে প্রায় ৯৯ শতাংশ নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দাবি করেছে পুলিশ প্রশাসন।

দফায় দফায় জঙ্গি দমনে উপত্যকায় একাধিক বার অভিযান চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। পাকিস্তান থেকে জঙ্গি কার্যকলাপে সাহায্য আসাও বন্ধ হয়ে গিয়েছে। পাকিস্তান থেকে সাহায্য আসা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় জঙ্গিরাও নিষ্ক্রিয় হয়ে পড়েছে। উপত্যকায় এক কথায় শান্তি বিরাজ করছে।
এই সময় পর্যটকরা ভিড় করছেন কাশ্মীরে। উপত্যকায় ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়ে গিয়েছে। তার আগে হঠাৎ করে সীমান্তে এভাবে পাক সেনার গুলি বর্ষণের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। গুলিবিদ্ধ দুই বিএসএফ জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। তাঁরা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।












Click it and Unblock the Notifications