কাশ্মীর জুড়ে সন্ত্রাসী কার্যকলাপের মাঝেই বড় সাফল্য সেনার, বুদগামে নিরাপত্তারক্ষীদের জালে জঙ্গি!
সীমান্তে ফের নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। এদিন বুদগামের চাদোরা জেলায় আচমকাই গুলি ছোড়ে জঙ্গিরা। পালটা জবাব দেন জওয়ানরাও। জম্মু কাশ্মীরের পুলিশ টুইট করে জানায়, 'চাদোরা জেলায় গুলির লড়াই শুরু হয়। নিরাপত্তাবাহিনী তাদের কাজ করছে।' এরপরই জানা যায় যে নিরাপত্তারক্ষীদের জালে ধরা পড়ে এক জঙ্গি।

গত ১৫ দিনে কাশ্মীর জুড়ে খতম ১২ জন জঙ্গি
অক্টোবরের ১৪ তারিখ শোপিয়ান জেলায় শুরু হয়েছিল অন্য একটি গুলির লড়াই। সেখানে সেনাবাহিনীর গুলিতে খতম হয় দুই জঙ্গি। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। এদিকে পরপর সেনার অভিযানে গত ১৫ দিনে কাশ্মীর জুড়ে মারা গিয়েছে ১২ জন জঙ্গি। আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে এলাকাতে। তাই তল্লাশি চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা।

বুদগামে একজন স্পেশাল পুলিশ আফিসার নিখোঁজ
এদিকে দুই একে-৪৭ রাইফেল সহ একজন স্পেশাল পুলিশ আফিসার নিখোঁজ হন এই বুদগাম থেকেই। ১৪ অক্টোবর জম্মু ও কাশ্মীরের বুদগামে ঘটনাটি ঘটে। ক্যাম্প থেকেই ওই অফিসার নিখোঁজ হয়ে যান বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই পুলিশ অফিসারের সঙ্গেই তিনটি করে ম্যাগাজিন ছিল এবং দুটি একে-৪৭ ছিল।

শোপিয়ানের সুগান জাইনাপরা গ্রামে ৩ থেকে ৪ জন জঙ্গি লুকিয়ে
এছাড়াও এদিন শোপিয়ানের সুগান জাইনাপরা গ্রামে ৩ থেকে ৪ জন জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া যায়। সেখানে অভিযান চালায় সেনাবাহিনী। এরপরই সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

নৌসেরা সেক্টরে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনা
অপরদিকে, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নৌসেরা সেক্টরে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনা। পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরাও। সীমান্তের বিভিন্ন এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবরও মিলেছে উপত্যকা জুড়ে। এরপরই সীমান্তে কড়া নিরাপত্তা শুরু করে সেনাবাহিনী।












Click it and Unblock the Notifications