Pahalgam: পহেলগাঁও হামলায় পাক সেনা ও জঙ্গিদের যোগসাজশ? জড়িত পাকিস্তানি জঙ্গিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য
Pahalgam: পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় জড়িত তিন সন্দেহভাজন জঙ্গির মধ্যেই রয়েছে পাকিস্তানি জঙ্গি হাসিম মুসা ওরফে সুলেমান। জঙ্গি হামলার তদন্তে নেমে তাঁর বিরুদ্ধেই চাঞ্চল্যকর তথ্য পেলেন তদন্তকারীরা। এই হাসিম মুসা একসময় পাকিস্তানি সেনায় যুক্ত ছিল বলে দাবি। পাকিস্তানি সেনার বিশেষ ফোর্সে প্যারা কমান্ডো ছিল হাসিম। পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলার অন্যতম মাস্টারমাইন্ড সে।
সূত্রের খবর, প্রাক্তন সেনাকর্মীকে সন্ত্রাসবাদে ইন্ধন জুগিয়ে গিয়েছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ কায়েমে হাসিমকে পাঠিয়েছে পাকিস্তান। স্থানীয় নিরীহ বাসিন্দাদের থেকে শুরু করে ভারতীয় সেনার উপর হামলা চালাতে হাসিমকে এদেশে পাঠিয়েছে পাকিস্তানের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন।

তবে কি পাকিস্তানের সেনা ও প্রশাসনের সঙ্গেই খোদ জেহাদি জঙ্গিগোষ্ঠীগুলির যোগসাজশ রয়েছে? ভারতের এক নিরাপত্তা আধিকারিকের দাবি, পাকিস্তানি সেনার স্পেশাল সার্ভিস থেকে হাসিমকে লস্কর ই তৈবায় পাঠানো হয়ে থাকতে পারে শুধুমাত্র টাকার বিনিময়ে। পাকিস্তানি সেনার বিশেষ বাহিনীতে কাজ করার সুবাদে হাসিমের অচিরাচরিত যুদ্ধনীতি ও গোপনে হামলা চালানোর প্রশিক্ষণ রয়েছে। জটিল অস্ত্রশস্ত্র ব্যবহারেরও প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে তাদের।
পহেলগাঁও হামলার এক সপ্তাহ পার। ২৬ জন নিরীহ পর্যটককে গুলি চালিয়ে খুনে মূল চক্রী পাক জঙ্গি হাসিম মুসা। অপর এক বরিষ্ঠ তদন্তকারী আধিকারিক জানান, পহেলগাঁও কাণ্ডে স্থানীয় ১৫ জন কাশ্মীরি ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে জেরা করে হাসিমের পাক সেনায় যোগের কথা জানা গিয়েছে। এই ওভারগ্রাউন্ড ওয়ার্কাররাই পাকিস্তানি জঙ্গিদের অস্ত্রশস্ত্র, খাবার ও যাবতীয় প্রয়োজনীয় জিনিস সরবরাহে লিপ্ত ছিল বলে অভিযোগ। পাক জঙ্গিদের ধরে ধরে জায়গাও চিনিয়েছে এরা।
পহেলগাঁও কাণ্ডে তাই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর ভূমিকাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগেও কাশ্মীরের একাধিক হামলায় তাদের যোগ মিলেছে। গত ২০২৪ সালের অক্টোবরে কাশ্মীরের গন্দেরবালে গগনগীরে জঙ্গি হামলায় ৬ জন পর্যটক ও একজন চিকিৎসকের প্রাণ যায়। বারামুলার বুটা পাথরিতেও দু'জন সেনা ও দুই সেনাকর্মী নিহত হয়। ওই দুই হামলা-সহ পহেলগাঁও কাণ্ডেও মুসার যোগের প্রমাণ মিলেছে।












Click it and Unblock the Notifications