'ঈশ্বর ভারতীয় অর্থনীতিকে রক্ষা করুক!', বিজেপিকে কটাক্ষ করে টুইট চিদাম্বরমের
সোমবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভায় বলেন যে ভবিষ্যতে অর্থনীতির সূচক হিসাবে আর গণ্য করা হবে না জিডিপিকে। আজ সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় টুইট করেন বর্তমানে তিহার জেলে থাকা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। টুইট করে চিদাম্বরম লেখেন, "ঈশ্বর ভারতীয় অর্থনীতিকে রক্ষা করুক।"
|
'ভবিষ্যতে অর্থনীতির সূচক হিসাবে গণ্য করা হবে না জিডিপিকে'
শুক্রবার প্রকাশ করা হয় ২০১৯-২০ আর্থিক বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থনীতির প্রবৃদ্ধির হার। দেখা যায় গত ছয় বছরে সব থেকে নিচে নেমে গিয়ে প্রবৃদ্ধির হার এসে দাঁড়িয়েছে ৪.৫ শতাংশে। এর প্রেক্ষিতে সংসদে সরকারকে তোপ দাগে বিরোধীরা। সেই আক্রমণের জবাব দিতে উঠে নিশিকান্ত বলেন, '১৯৩৪ সালের আগে অর্থনীতির সূচক হিসাবে জিডিপি ছিল না। তাই এটিকে আমরা দ্রুবসত্য হিসাবে নাই মানতে পারি। ভবিষ্যতে অর্থনীতির সূচক হিসাবে গণ্য করা হবে না জিডিপিকে।'
|
'ঈশ্বর ভারতীয় অর্থনীতিকে রক্ষা করুক'
নাম না করে দুবের এই মন্তব্যকে কটাক্ষ করে চিদাম্বরম লেখেন, 'জিডিপির তথ্য অপ্রাসঙ্গিক, ব্যক্তিগত কর কমাও, আমদানির ক্ষেত্রে বেশি শুল্ক আরোপ করা হোক। এই তো বিজেপির আর্থিক উন্নয়নের রূপরেখা। ঈশ্বর ভারতীয় অর্থনীতিকে রক্ষা করুক।' একই ভাষায় বিজেপিকে অর্থনীতি নিয়ে আক্রমণ করেন রণদীপ সুরজেওয়ালা।

আগেও মোদীর অর্থনীতির বিরোধিতা করেছেন
মোদী সরকারের আর্থিক নীতি নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তিনি বারবার বলেছিলেন মোদী সরকারের দেশের আর্থিক দুরবস্থা নিয়ে ভাবা উচিত। অন্যের উপর দায় না চাপিয়ে দেশের আর্থিক হাল ফেরানোর উপর নজর দেওয়া উচিত। তার পরেই ফের জিডিপি বৃদ্ধি কম হওয়ার কারণে এবার উদ্বেগ প্রকাশ করে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন পরের জিডিপি বৃদ্ধি আরও কমবে।

৬ বছরে সব থেকে নিচে প্রবৃদ্ধির হার
দ্বিতীয় ত্রৈমাসিক হিসেবে জিডিপি বৃদ্ধি কমেছে ৪.৫ শতাংশ। যা উদ্বেগ বাড়িয়েছে অর্থনীতিবিদদের। এতে দেশের কর্মসংস্থান আরও কমবে বলে আশঙ্কা করছেন তাঁরা। জিনিসের দাম লাগাতার বেড়েই চলেছে। বিনিয়োগে ঘাটতি দেখা দিয়েছে। পরিস্থিতি এতোটাই উদ্বগের হয়ে দাঁড়িয়েছে। মানুষের ক্রয় ক্ষমতা ইতিমধ্যেই কমতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications