'অপারেশন ব্লু স্টার ভুল ছিল, জীবন দিতে হয়েছিল ইন্দিরা গান্ধীকে', স্মৃতিচারণ করে ভুলস্বীকার পি চিদাম্বরমের
চার দশক আগে ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকারের 'অপারেশন ব্লু স্টার'-এর সমালোচনা করলেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম। তাঁর মতে, এই "ভুল"-এর জন্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিজের জীবন দিয়ে মূল্য দিতে হয়েছিল। খুশবন্ত সিং সাহিত্য উৎসব ২০২৫-এ বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী এই মন্তব্য করেন।
তিনি জানান, ১৯৮৪ সালের জুন মাসে সংঘটিত অপারেশন ব্লু স্টার সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা এবং সিভিল সার্ভিস সকলের সম্মিলিত সিদ্ধান্ত ছিল। চিদাম্বরম আরও বলেন, এটি ছিল "ভুল পদ্ধতি"। স্বর্ণমন্দির পুনরুদ্ধারের জন্য অপারেশন ব্ল্যাক থান্ডারকে সঠিক উপায় হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, শিখদের পবিত্র উপাসনালয় থেকে সেনাবাহিনীকে দূরে রেখে এটি করা উচিত ছিল।

"এখানে কোনও সামরিক কর্তাকে অসম্মান না করেই বলছি, স্বর্ণমন্দির পুনরুদ্ধারের জন্য ব্লু স্টার ভুল উপায় ছিল। কয়েক বছর পর আমরা স্বর্ণমন্দির পুনরুদ্ধারের সঠিক উপায় দেখিয়েছি, সেনাবাহিনী ছাড়াই," চিদম্বরম বলেন।
কংগ্রেস সাংসদ আরও যোগ করেন, "ইন্দিরা গান্ধী সেই ভুলের জন্য নিজের জীবন দিয়েছিলেন। এটি সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা এবং সিভিল সার্ভিস সকলের সম্মিলিত সিদ্ধান্ত ছিল। শুধু ইন্দিরা গান্ধীকে এর জন্য দায়ী করা যায় না।"
প্রসঙ্গত, অপারেশন ব্লু স্টার ছিল ১৯৮৪ সালের ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত চলা একটি ১০ দিনের সামরিক অভিযান। ৬ জুন, ১৯৮৪ তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতীয় সেনাবাহিনী অমৃতসরের স্বর্ণমন্দিরে প্রবেশ করে। পাঞ্জাবে জারনাইল সিং ভিন্দ্রানওয়ালের নেতৃত্বে শিখ জঙ্গিবাদ দমনের উদ্দেশ্যেই এই অভিযান চালানো হয়েছিল। সে সময় খবর ছড়িয়েছিল যে ভিন্দ্রানওয়ালে স্বর্ণমন্দির প্রাঙ্গণে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করেছিলেন।
বলা হয়, ভিন্দ্রানওয়ালে চরমপন্থী শিখ সংগঠন দমদমি তাকসালের প্রধান ছিলেন। অপারেশন ব্লু স্টারে তার সশস্ত্র অনুগামীদের সঙ্গে তিনিও মারা যান। এই অভিযান ব্যাপক সমালোচিত হয়েছিল। এর কয়েক মাস পর, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নতুন দিল্লির বাসভবনে দুই শিখ দেহরক্ষী বিয়ন্ত সিং এবং সতবন্ত সিংয়ের হাতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হন।












Click it and Unblock the Notifications