নতুন করে বিপর্যয়ের পূর্বাভাস, হায়দরাবাদে জারি কমলা সতর্কতা, চেন্নাইয়ে অতি ভারী বর্ষণের পূর্বাভাস
নতুন করে বিপর্যয়ের পূর্বাভাস, হায়দরাবাদে জারি কমলা সতর্কতা, চেন্নাইয়ে অতি ভারী বর্ষণের পূর্বাভাস
হায়দরাবাদে নতুন করে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে তেলঙ্গানার পাশাপাশি কর্নাটক এবং তামিলনাড়ুতেও একাধিক জায়গায় প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা তিন রাজ্যের পক্ষেই অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে।

হায়দরাবাদে কমলা সতর্কতা
তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদে নতুন করে জারি করা হল কমলা সতর্কতা। প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যার জেরে শহরের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। গত কয়েকদিনে রেকর্ড বর্ষণ হয়েছে হায়দরাবাদ সহ তেলঙ্গানার একাধিক জায়গায়। জলমগ্ন হয়ে পড়েছে হায়দরাবাদ শহরের বিস্তীর্ণ এলাকা। সেনা নামিয়ে উদ্ধারকাজ চালিয়েছে রাজ্য সরকার।

ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস
নতুন করে কর্নাটক সহ তামিলনাড়ুর একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। চেন্নাই শহরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েকদিনের বর্ষণে একেবারেই বিপর্য়ল্ত তেলঙ্গানা। ৫০ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। একাধিক জায়গায় জলমগ্ন অবস্থা তৈরি হয়েছে।

উদ্ধারে সেনা
গত কয়েকদিনের বন্যা পরিস্থিতিতে হায়দরাবাদের একাধিক জায়গায় আটকে থাকা দুর্গতদের উদ্ধারে সেনা এবং বিপর্যয় মোকাবিলা দফতরের সাহায্য নেওয়া হয়েছে। হায়দরাবাদ শহরের একাধিক জায়গা থেকে দুর্গতদের উদ্ধার করেছে সেনাবাহিনী। শহরের একাধিক জায়গায় জলের তোড়ে ভেসে গিয়েছেন মানুষ, গাড়ি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পর্যালোচনায় রাজ্যের প্রধানরা
তিন রাজ্যের প্রধানই বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক সেরেছেন। ত্রাণ মজুত রাখা এবং দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পুলিস- প্রশাসনকেও সতর্ক করা হয়েছে পরিস্থিতি নিয়ে। দফায় দফায় আবহাওয়া দফতরের সঙ্গো যোগাযোগ করছেন আধিকারিকরা।












Click it and Unblock the Notifications