Jagdeep Dhankhar: নিয়ম না মেনে ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব! রাজ্যসভায় ধাক্কা খেল ইন্ডি জোট
Jagdeep Dhankhar: বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব (No Confidence Motion) এনেছে বিরোধী সাংসদরা। মঙ্গলবার সংসদের উচ্চকক্ষের সেক্রেটারি জেনারেলের কাছে অনাস্থা প্রস্তাব পেশ করেন ইন্ডির (INDI) সাংসদরা। তবে তা পেশ করলেও কার্যকরই হবে না এই অধিবেশনে। বড় ধাক্কার সম্মুখীন বিরোধীরা।
চলতি শীতকালীন অধিবেশনে কার্যকর হবে না ধনখড়ের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব। সংবিধানের নিয়ম অনুযায়ী, অনাস্থা প্রস্তাব আনার নির্দিষ্ট কারণ জানিয়ে অন্ততপক্ষে ১৪ দিন আগে নোটিস দেওয়া বাধ্যতামূলক। কিন্তু বর্তমানে শীতকালীন অধিবেশনের আর বাকি মাত্র ১০ দিন। সেক্ষেত্রে বিরোধীদের অনাস্থা প্রস্তাব রাজনৈতিক স্টান্টবাজি ছাড়া আর কিছুই নয় বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাজ্যসভায় ধনখড়ের সভাপতিত্বে তারা কার্যত অতিষ্ঠ বলে দাবি করেছেন বিরোধী সাংসদরা। আর তাই কংগ্রেস, তৃণমূল, আপ ও সমাজবাদী পার্টি-সহ ইন্ডি জোটের অন্যান্য শরিক দলগুলি মিলিতভাবে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয়। পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে ধনখড় রাজ্যসভা পরিচালনা করেন বলে বারবার অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা।
রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে অনাস্থা প্রস্তাব পাসের পর লোকসভাতেও তার অনুমোদন প্রয়োজন। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghosh) বলেন, "গণতন্ত্র রক্ষার স্বার্থে, সংবিধানকে মান্যতা দিতে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছে তৃণমূল। সংসদকে খুন করছে মোদী সরকার। জনগণের ইস্যু নিয়ে বিরোধীদের বলতে পর্যন্ত দেওয়া হচ্ছে না।"
তৃণমূল সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) বলেন, "সংবিধানের নিয়ম মেনে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি, মণিপুর ও বাংলাকে বঞ্চনার মতো ইস্যুগুলি নিয়ে রাজ্যসভায় আলোচনার নির্দেশ দিয়েছেন। এসব নিয়ে কোনওদিন কথা বলে না বিজেপি। তাই প্রতিবাদে তৃণমূল ওয়াকআউট করেছে।"
এদিকে, সংসদের বাইরে মঙ্গলবার আদানি ইস্যুতে (Adani Issue) প্রতিবাদে সামিল হন বিরোধী দলগুলির সাংসদরা। মোদী আদানি সখ্যতার অভিযোগ করে কাঁধে কালো ঝুলি নিয়ে প্রতিবাদ দেখান তারা। "মোদী আদানি ভাই ভাই" লিখে ক্যারিকেচার তৈরি করেন তারা। আদানি ইস্যুতে সংসদে আলোচনার দাবিও তোলে ইন্ডি জোটের প্রধান শরিক দল কংগ্রেস।












Click it and Unblock the Notifications