কংগ্রেসের নেতৃত্বেই চাই বিরোধী ঐক্য, সিপিএমের সম্মেলনে জোটবদ্ধ আর্জি মিশন ২৪শে
একটি বিশেষ পার্টির সম্মেলনে এভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সমাবেশ আদতে বিরল। আর তার থেকেও বড় কথা সিপিএমের সম্মেলনে উপস্থিত হয়ে বিজেপি বিরোধী দলগুলি দাবি তুলল কংগ্রেসের নেতৃত্বেই জোট চাই।
বিজেপিকে হারাতে হলে বিরোধী ঐক্য গড়ে তুলতে হবে। আর সেই বিরোধী ঐক্য হতে হবে কংগ্রেসের নেতৃত্বেই। সিপিএমের সম্মেলনে একযোগে সেই বার্তা দিলেন নীতীশ কুমার, তেজস্বী যাদব-রা। কংগ্রেসের নেতৃত্বে সবাই এক হলে যে বিজেপির প্রতিরোধ ধোপে টিকবে না, তাও জানিয়ে দিল বিহারের 'বিরোধী'-মঞ্চ।

বিহারের পাটনায় সিপিএমের সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হল। সেই অনুষ্ঠানের প্রকাশ্য সমাবেশে আদতে বিরোধী ঐক্যের বাতাবরণ তৈরি হল। সিপিএমের সম্মেলনে হাজির হয়েছিলেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার, আরজেডি প্রধান তেজস্বী যাদব, কংগ্রেস নেতা সলমন খুরশিদ। এছাড়া সিপিএম, সিপিআই. সিপিআইএমএল-সহ বামপন্থী সমস্ত দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একটি বিশেষ পার্টির সম্মেলনে এভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সমাবেশ আদতে বিরল। রাহুল গান্ধীর ভারত জোড়ে যাত্রায় যেমন বিভিন্ন পার্টির নেতারা উপস্থিত হয়েছিলেন, তেমনই সিপিএমের সম্মেলনেও বিহারের মহাজোটের সমস্ত দলের হাজিরা আক্ষরিক অর্থেই ২৪-এর আগে মহাজোটের রূপরেখা তৈরি করে দিল।
আর তার থেকেও বড় কথা সিপিএমের সম্মেলনে উপস্থিত হয়ে বিজেপি বিরোধী দলগুলি দাবি তুলল কংগ্রেসের নেতৃত্বেই জোট চাই। সিপিএমের সম্মেলনের প্রকাশ্য় সমাবেশে নিজের বক্তব্য রাখার সময় জেডিইউ সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জোট বার্তায় সবাইকে একযোগে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে বলেন, কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা এক হলে বিজেপি ফুৎকারে উড়ে যাবে ২০২৪-এ।
বিজেপির প্রাক্তন জোটসঙ্গী নীতীশ কুমার মনে করেন, বিরোধীরা যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে পারে, তবে বিজেপি ১০০-র নীচে নেমে যাবে। সে জন্য কংগ্রেসকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। কংগ্রেসকে এগিয়ে আসতে হবে বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করতে। বিজেপির প্রাক্তন জোটসঙ্গী আবারও কংগ্রেসকে অগ্রণী ভূমিকা নেওয়ার কথা বলেন।
নীতীশ বলেন, প্রধানমন্ত্রী হতে চাই না, বিরোধী জোটকে শক্তিশালী করতে চাই। আমি মনে করি, কংগ্রেসের নেতৃত্বেই মহাজোট বিজেপিকে হারাতে পারবে। আমি চাই বিরোধীদের এক করতে কংগ্রেস দ্রুত উদ্যোগী হোক। উপস্থিত সলমন খুরশিদকে উদ্দেশ্য করে তিনি বলেন, কংগ্রেস যাতে দ্রুত জোটবদ্ধ করে সমস্ত বিরোধী দলকে সেই চেষ্টা করুন।
সম্প্রতি ভারত জোড়ো যাত্রা করে দেশে আলোড়ন তুলে দিয়েছেন রাহুল গান্ধী। তারপর জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার ও তাঁর সুরে সুর মিলিয়ে বাকি জোটসঙ্গীরা কংগ্রেসের নেতৃত্বে বিরোধী ঐক্য গঠনের যে ডাক দিল, তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে বিহারের মহাজোটে শামিল দলগুলির পক্ষ থেকে যে দাবি উঠল, তাতে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর চাপ বাড়বে। কেননা বাংলা চাইছে কংগ্রেসকে সাইডে রেখে তৃণমূলকে বিজেপি বিরোধী প্রধান মুখ করতে। এবং মোদী-বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরতে।












Click it and Unblock the Notifications