বিরোধীরা দেশের এগিয়ে যাওয়া আটকাতে পারবে না, উত্তরপ্রদেশে বিধ্বংসী মোদী
বিরোধীরা দেশের এগিয়ে যাওয়া আটকাতে পারবে না, উত্তরপ্রদেশে বিধ্বংসী মোদী
আবারও বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী মোদী৷ একটি ওয়েবিনারে উত্তরপ্রদেশে 'প্রধানমন্ত্রী গরীব কল্যান অন্ন যোজনার' সুবিধাভোগীদের সঙ্গে কথা বলছিলেন। সেখানেই মোদী কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীদের একহাত নেন। সংসদের বর্ষাকালীন অধিবেশনে বিরোধীরা শুরু থেকেই বারবার অচল করেছেন সংসদকক্ষ। সরকারকে বারবার মুলতুবি করতে হয়েছে বিভিন্ন বিষয়ে আলোচনা৷ সে নিয়েই এদিন বিরোধীদের একহাত নেন মোদী৷

দেশকে সামনে এগনো থেকে আটকাতে পারবে না!
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদী বলেন, কিছু লোক (বিরোধীরা) সংসদের কাজকর্ম বন্ধ করিয়ে আমাদের দেশের উন্নয়নের গতি আটকাতে চাইছে। এঁরা যতই চেষ্টা করুক, দেশকে সমানের দিকে এগিয়ে যাওয়া থেকে আটকাতে পারবে না। দেশ কখনও এই রাজনৈতিক স্বার্থপরতার হাতের কীড়নকে পরিনত হবে না।
এরপর রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে মোদী বলেন দেশের হকিদল অলিম্পিক পদক জয় নিশ্চিত করে বুঝিয়ে দিয়েছে জয়ের জন্য প্রতিভা ও পরিশ্রমের প্রয়োজন, কোনও একটি পরিবারের সাহায্য নয়।
তবে এখানেই থেমে থাকেননি মোদী গত দু'বছরে ৫ অগাস্ট দু'টি বড় সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। সেই প্রসঙ্গে উল্লেখ করে মোদী বলেন, দু'বছর আগে এই ৫ অগাস্টই কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরানো হয়েছিল৷ এবং গত বছর এই দিনেই পূন্যভূমি অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য প্রথম ইঁটটি রাখা হয়। এখন দ্রুতগতিতে রামমন্দির নির্মাণের কাজ চলছে।
প্রধানমন্ত্রীর রামমন্দির নির্মাণের একবছর নিয়ে অভিনন্দ জানানোর বিষয়ে সিপিএম শীর্ষ নেতা সুজন চক্রবর্তীকে জিজ্ঞেস করা হলে উনি বলেন, 'বিজেপি ওটাই করতে পারে। অন্য কিছু করার যোগ্যতা ওদের নেই৷ তাই ওঁরা রামমন্দির নির্মাণ নিয়ে মেতে আছে৷'
প্রসঙ্গত সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার প্রথম থেকেই একাধিক ইস্যুতে বেশ কয়েকবার সংসদ অচল করেছে বিরোধীরা। সম্প্রতি তৃণমূল সাংসদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদেরও ঠেলাঠেলি হয়েছে৷ বেশ কয়েকজন তৃণমূল সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও বিষয়ে কড়া মনোভাব দেখিয়েছে রাজ্যসভা।
এদিন, প্রধানমন্ত্রী গরীব কল্যান অন্ন যোজনায় উত্তরপ্রদেশে কত মানুষ ফ্রিতে রেশন পান সে বিষয়েও বিস্তারিত বলেন মোদী৷ তিনি জানান যোগরাজ্যে লক্ষাধিক মানুষ এই প্রকল্পের সুবিধা নিতে পেরেছেন৷ ৮০ হাজার ফেয়ার প্রাইস শপ থেকে পুরো উত্তরপ্রদেশে সাধারণ মানুষের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications