Opinion Poll: বিজেপিকে হারিয়ে ফের ক্ষমতায় কংগ্রেস! রাজস্থান বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষায় আভাস
২০২৪ লোকসভা নির্বাচন বছর ঘুরলেই। তার আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ফোকাস করেছে সব দলই। বিশেষ করে কংগ্রেস ও বিজেপি বিশেষ গুরুত্ব দিচ্ছে লোকসভা নির্বাচনের আগে এই সেমিফাইনালকে। এই পাঁচ রাজ্যের নির্বাচনে ভালো ফল করে প্রত্যেকেই চাইছে ২০২৪-এর আগে অ্যাডভান্টেজ নিতে।
রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ছাড়াও তেলেঙ্গানা ও মিজোরামে ভোট হবে। তার মধ্যে প্রথম তিন রাজ্যে কংগ্রেস ও বিজেপি সম্মুখসমরে অবতীর্ণ হতে চলেছে। স্বভাবতই লোকসভা নির্বাচনের আগে এই তিন রাজ্যে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

সম্প্রতি স্মল বক্স অফ ইন্ডিয়া রাজস্থানের জনমত সমীক্ষা রিপোর্ট সামনে এনেছে। সেখানে দেখা যাচ্ছে, কংগ্রেস দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে চলেছে মরুরাজ্যে। বিজেপি আরও একটি পরাজয়ের সম্মুখীন হতে চলেছে। ২০১৮ সালের নির্বাচনেও কংগ্রেস এই রাজ্যে জিতেছিল।
তবে এই রাজ্যের ঐতিহ্যই হল সরকার বদল। কখনও পর পর একদল দুই মেয়াদে ক্ষমতা দখল করতে পারেনি। কিন্তু এবার তার অন্যথা ঘটতে চলেছে বলে আভাস স্মল বক্স অফ ইন্ডিয়ার জনমত সমীক্ষায়। এ রাজ্যে উভয় দলেই সংগঠনে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব। তবে সম্প্রতি কংগ্রেসের অপেক্ষায় বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্বী তীব্র আকার নিয়েছে বলে মত সমীক্ষায়।
২০০ সদস্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১০০টি আসন দখল করেছিল ২০১৮ সালের নির্বাচনে। বিজেপি জিতেছিল ৭৩টি আসনে। অন্যান্যদের মদ্যে নির্দল ১৩টি, বহুজন সমাজ পার্টি ৬টি, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ৩টি, সিপিএম ও ভারতীয় ট্রাইবাল পার্টি ২টি করে এবং রাষ্ট্রীয় লোকদল এটি আসন জিতেছিল।
স্মল বক্স অফ ইন্ডিয়ার জনমত সমীক্ষা অনুযায়ী এবারও কংগ্রেস শক্তিশালী ভিতের উপরই দাঁড়িয়ে রয়েছে মরুরাজ্যে। নতুন সমীক্ষায় দেখা গিয়েছে, এ রাজ্যে কংগ্রেসের পালেই হাওয়া। এই সমীক্ষা অনুযায়ী কংগ্রেস ১০২ থেকে ১০৮টি আসনে জয়লাভ করতে পারে। সেক্ষেত্রে তারা ম্যাজিক ফিগার ১০১-এর উপরেই থাকবে।
স্মল বক্স অফ ইন্ডিয়ার জনমত সমীক্ষা অনুযায়ী বিজেপি এবার পেতে পারে ৭৪ থেকে ৮৪টি আসন। অর্থার তারা কমপক্ষে ১৭টি আসন দূরে রয়ে যেতে পারে ম্যাজিক ফিগার থেকে। অর্থাৎ গতবারের ফলেরই পুনরাবৃত্তির আভাস দিয়েছে এই সমীক্ষা। সমীক্ষা অনুয়ায়ী অন্যান্যরা পেতে পারে ৬ থেকে ৮টি আসন।
এই সমীক্ষায় ২৩ হাজার মানুষের সঙ্গে কথা বলা হয়েছিল। ২২ জুলাই থেকে ২৪ অগাস্ট পর্যন্ত সমীক্ষা চালানো হয়। তারপর সমীক্ষকরা রিপোর্ট পেশ করেন ৫ সেপ্টেম্বর। সেই রিপোর্টে সমীক্ষকরা উল্লেখ করেন, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই ফল হতে পারে। অর্থাৎ এখন ভোট হলে এই ফলাফলের সম্ভাবনা।












Click it and Unblock the Notifications