Opinion Poll: কংগ্রেস কি টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরবে ছত্তিশগড়ে, নাকি বিজেপির কামব্যাক! একনজরে সমীক্ষা
লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের ফল কোনদিকে যায়, সেদিকে সজাগ দৃষ্টি যেমন রাজনৈতিক দলগুলির, তেমনই বিশেষজ্ঞরাও তাকিয়ে রয়েছে এই নির্বাচনী ফলের দিকে। রাজস্থান, মধ্যপ্রদেশ ছাড়াও ছত্তিশগড়ে কংগ্রেস ও বিজেপি সম্মুখসমরে অবতীর্ণ হবে।
সম্প্রতি এবিপি-সি ভোটারের জনমত সমীক্ষায় আভাস, কংগ্রেস দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে চলেছে ছত্তিশগড়ে। বিজেপি আর একটি পরাজয়ের সম্মুখীন হতে চলেছে এই রাজ্যে। ২০১৮ সালের নির্বাচনে কংগ্রেস এই রাজ্যে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে জিতেছিল। বিজেপি টানা তৃতীয় মেয়াদ ক্ষমতায় থাকার পর গতিচ্যুত করেছিল কংগ্রেস।

৯০ সদস্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৬৮টি আসন দখল করে ২০১৮ সালের নির্বাচনে। এবারও কংগ্রেস শক্তিশালী ভিতের উপরই দাঁড়িয়ে রয়েছে এ রাজ্যে। নতুন সমীক্ষায় দেখা গিয়েছে, এ রাজ্যে কংগ্রেসের পালেই হাওয়া। এবিসি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস ৪৮ থেকে ৫৪টি আসনে জয়লাভ করতে পারে।
এবিপি-সি ভোটারের জনমত সমীক্ষায় আভাস কংগ্রেস ৪৫.৬ শতাংশ ভোট পেতে পারে। তাতে তাদের ৪৮ থেকে ৫৪টি আসনে জয়লাভ সম্ভব। গতবারের থেকে এই সংখ্যা অনেকটাই কম। তবে তা ম্যাজিক ফিগারের বেশি। আর বিজেপি ৪১.১ শতাংশ ভোট পেতে পারে। তাদের আসনসংখ্যা দাঁড়াতে পারে ৩৫ থেকে ৪১-এ।
বিজেপি ছত্তিশগড়ে টানা তিনবার ক্ষমতায় ছিল। ১৫ বছর ক্ষমতা দখলের পর ২০১৮ সালে প্রথম পরিবর্তন হয়। বিজেপি কংগ্রেসের তুলনায় ১০ শতাংশ ভোট কম পায়। কংগ্রেস যেখানে ৪৩ শতাংশের বেশি ভোট পেয়েছিল। আর বিজেপি পেয়েছিল ৩৩ শতাংশ ভোট।
এবার গতবারের তুলনায় উভয় দলই ভোট বাড়াতে সক্ষম হবে। জনমত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস ২.৫ শতাংশ এবং বিজেপি ৮ শতাংশ ভোট বাড়াবে বলে আভাস। তবে আসনের নিরিখে কংগ্রেস ম্যাজিক ফিগার পেরিয়ে যাবে। সেখানে বিজেপি পড়ে থাকবে বেশ খানিকটা নীচেই।
এই সমীক্ষা অনুযায়ী মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল তাঁর প্রতিদ্বন্দ্বী রমন সিংয়ের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। বাঘেলই মুখ্যমন্ত্রী হিসেবে সবথেকে বেশি পছন্দের। বিজেপির রমন সিংয়ের থেকে কংগ্রেসের ভূপেশ বাঘেল অনেক এগিয়ে রয়েছেন। যেখানে ৪৮ শতাংশ চাইছেন বাঘেল মুখ্যমন্ত্রী হন, সেখানে ২৫ শতাংশ চাইছেন রমন সিংকে।
আর উপমুখ্যমন্ত্রী টিএস সিং দেওকে চাইছেন ১৯ শতাংশ মানুষ। এই সমীক্ষা অনুযায়ী ভূপেশ বাঘেলের কাজে খুব সন্তষ্ট ৪৬ শতাংশ মানুষ। ৩১ শতাংশ কিছুটা সন্তুষ্ট, ১৯ শতাংশ মোটেও সন্তুষ্ট নন। সব মিলিয়ে ছত্তিশগড়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সির লড়াইয়ে অনেক এগিয়ে বাঘেল।












Click it and Unblock the Notifications