Online Love: ইনস্টাগ্রামের আলাপ থেকে প্রেম, শাদাবকে বিয়ে করতে পোল্যান্ড থেকে হাজারিবাগে হাজির বারবারা
Online Love: লুডো, পাবজির পর এবার ইনস্টাগ্রাম। অনলাইনে হওয়া প্রেমের টানে ভারতে আসার আরেক নজির। এবার পোল্যান্ড থেকে ঝাড়খণ্ডের হাজারিবাগে প্রেমিকের কাছে পৌঁছে গেলেন ৪৯ বছরের বারবারা পোলক।
বারবারা এ দেশে বিবাহবন্ধনে আবদ্ধ হতে এসেছেন ছয় বছরের কন্যাসন্তানকে নিয়ে। চলছে বিয়ের প্রস্তুতি।

ঝাড়খণ্ডের হাজারিবাগের বারাতুয়া গ্রামে প্রেমিক শাদাব মালিকের বাড়িতেই কন্যা অনন্যাকে নিয়ে রয়েছেন বারবারা। ইনস্টাগ্রামে ছবি, ভিডিও পোস্টও করছেন। ২০২১ সালে ইনস্টাগ্রামেই আলাপ। বন্ধুত্ব থেকে সম্পর্ক প্রেমে গড়াতে বেশি সময় লাগেনি। এরপরই কন্যাকে নিয়ে ভারতে চলে এসেছেন বারবারা। ট্যুরিস্ট ভিসা নিয়ে এসেছেন, যার মেয়াদ ২০২৭ সাল অবধি।

বারবারা বিবাহবিচ্ছিনা। তাঁর কন্যা ইতিমধ্যেই শাদাবকে ড্যাড বলে ডাকছে। আইনি মতে বিয়ের জন্য শাদাব ও বারবারা হাজারিবাগের মহকুমা ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদনও করেছেন। শাদাবকে দারুণ ও মিষ্টি মানুষ বলে অভিহিত করেছেন প্রেমে মশগুল বারবারা। পছন্দ হয়েছে ভারতকেও। হাজারিবাগ ছোট শহর হলেও ভালোভাবে থাকার সব রসদ সেখানে আছে বলে মন্তব্য বারবারার।

বিয়ের প্রস্তুতির ফাঁকেই বারবারা বলেছেন, হাজারিবাগে আসার পর আমাকে দেখতে অনেকে এসেছেন। নিজেকে যেন সেলিব্রিটি মনে হচ্ছে। আমার নিজস্ব বাড়ি, গাড়ি রয়েছে, চাকরিও করি। তা সত্ত্বেও এখানে এসেছি শাদাবের জন্য। তাঁর সঙ্গে থাকতে আমার খুবই ভালো লাগে। শীঘ্রই বিয়েটাও সেরে ফেলব।
সম্প্রতি চার সন্তানকে নিয়ে পাকিস্তান থেকে ভারতে আসা সীমা হায়দারকে নিয়ে জোর চর্চা চলছে। প্রেমিক সচিন মিনার টানেই তিনি ভারতে আসেন। সচিনের সঙ্গে তাঁর আলাপ ২০১৯ সালে পাবজি গেম খেলতে গিয়ে। পাকিস্তান থেকে দুবাই, সেখান থেকে নেপাল গিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছেন সীমা।
গত জানুয়ারি মাসে বেঙ্গালুরুতে ১৯ বছরের ইকরা জীবানিকে গ্রেফতার করা হয়েছিল। তিনিও গত বছর ভারত-নেপাল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে এসে উত্তরপ্রদেশের বাসিন্দা মুলায়ম সিং যাদবকে বিয়ে করেছিলেন। নাম, পরিচয় ভাঁড়িয়ে এ দেশে থাকছিলেন। মুলায়ম নিরাপত্তারক্ষীর কাজ করেন। তাঁদের আলাপ অনলাইন গেমের মাধ্যমে। ইকরাকে গ্রেফতার করে এফআরআরও-র মাধ্যমে তাঁর দেশে পাঠানো হয়।












Click it and Unblock the Notifications