গান্ধী ময়দানে ফের মিলল তাজা বোমা, সিন্দের পাটনা সফর বাতিল ঘিরে সমালোচনা

রবিবার পাটনায় ধারাবাহিক বিস্ফোরণের আগুনে ছাই পড়তে না পড়তেই এদিনের বোমা উদ্ধারের ঘটনায় ফের আতঙ্ক ছড়ায় এলাকায়। বোমাটি উদ্ধার করা না গেলে যে কোনও সময় বড় সড় বিস্ফোরণ হতে পারত বলে মনে করছে বম্ব স্কোয়াড।
পাটনায় মোদীর জনসভার আগে যে ধারাবাহিক বিস্ফোরণ হয় তাতে ইন্ডিয়ান মুজাহিদিন-এর হাত রয়েছে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা দফতর। এই ঘটনায় নিষিদ্ধ এই জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতা ইয়াসিন ভটকলকে হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশের বিশেষ সেল। ভটকলের ডান হাত তাসিন আখতারেরও নাম উঠে এসেছে এই ঘটনায়। এই ধারাবাহিক বিস্ফওরণের ব্লু-প্রিন্ট আখতারের মাথাতেই তৈরি হয়েছিল বলে জানিয়েছ এএনআই। তদন্তে উঠে এসেছে, পাটনা বিস্ফোরণের সঙ্গে জুলাইয়ের বোধ গয়া বিস্ফোরণের মিল রয়েছে। দুটি ঘটনাতেই নাশকতায় যে টাইমার ডিভাইস ব্যবহার করা হয়েছিল, তা লোটাস নামে একটি সংস্থার তৈরি।
পাটনার পরিস্থিতি পর্যবেক্ষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার সিন্দের মঙ্গলবার পাটনা যাওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব পাটনা গেলেও এদিনও পাটনা যাওয়ার পরিকল্পনা বাতিল করেন সিন্দে। পাটনা সফর বাতিল করার কারণ জানতে চাওয়া হলে সিন্দের অজুহাত নীতিশ কুমারের কাছে তার সঙ্গে দেখা করার সময় নেই। তাই তিনি সফর বাতিল করেছেন। এদিকে পাটনা সফর বাতিল করে ও বাতিলের পিছনে অজুহাত দিয়ে ফের সমালোচনার মুখে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও সিন্দের ড্যামেজ কন্ট্রোলএ নেমে পড়েছেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। সিন্দের পাটনা সফর বাতিল করার প্রশ্নে তাঁর উত্তর, পাটনার ধারাবাহিক বিস্ফোরণের ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু পাটনা সফরের বাইরেও স্বরাষ্ট্রমন্ত্রীর অনেক দায়িত্ব রয়েছে। যদিও বিদেশমন্ত্রীর এই উত্তর ন্যায়সঙ্গত কি না সে প্রশ্নও উঠেছে।












Click it and Unblock the Notifications