ঝাড়খণ্ডের ভোটকেন্দ্রের বাইরে নিরাপত্তারক্ষীদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পাল্টা গুলিতে মৃত ১
ঝাড়খণ্ডের নির্বাচন চলাকালীন নিরাপত্তারক্ষীদের গুলিতে মারা গেলেন এক ব্যক্তি। জানা গিয়েছে ঝাড়খণ্ডের গুমলা জেলার সিসাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এক পোলিং স্টেশনের বাইরে বেশ কয়েকজন দুষ্কৃতী নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। এরপরেই সেই দুষ্কৃতীদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। সেই ঘটনাতেই জখম হন একজন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতী হয়। সেখানেই সে প্রাণ হারায়।

এই বিষয়ে ঝাড়খণ্ড পুলিশের অ্যাজিশনাল ডিরেক্টর জেনারেল এফ পুলিশ মুরারি লাল মীনা বলেন, 'সিসাইয়ের ৩৬ নম্বর বুথের সামনে মোতায়েন থাকা নিরাপত্তারক্ষীদের থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে বেশ কয়েকজন দুষ্কৃতী। সেই অবস্থায় গুলি চালাতে বাধ্য হয় ব়্যাপিড অ্যাকশন ফোর্সের জওয়ানরা।'
আজ ঝাড়খণ্ডের দ্বিতীয় দফার ভোটগ্রহণে রাজ্যের সাতটি জেলার মোট ২০টি আসনে ভোটগ্রহণ চলছে। মাওবাদী অধ্যুসিত হওয়ায় এর মধ্যে ১৮টি আসনে ভোটগ্রহণ চলবে বেলা তিনটে পর্যন্ত। বাকি দুটি কেন্দ্র জামশেদপুর পূর্ব ও পশ্চিমে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বেলা ১১টা পর্যন্ত সবকটি আসনে মোট ২৮.৫১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ৪৮ লক্ষ। এই দফায় মোট ২৬০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এর মধ্যে ২৯ জন মহিলা বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications