S Jaishankar: ট্রাম্পের শুল্ক চাপানোর হুমকির পাল্টা মুখ খুলল ভারত, কাতার থেকে জবাব বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের
S Jaishankar: ব্রিকস গোষ্ঠীর দেশগুলিকে ১০০ শতাংশ শুল্ক (tariff) চাপানো নিয়ে ট্রাম্পের (Donald Trump) সরাসরি হুমকি। পাল্টা মুখ খুলল ভারত। কাতারে দোহা ফোরামে এনিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ডলারের বিকল্প হিসেবে নতুন মুদ্রায় (Currency) বাণিজ্যের ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি বলেই সাফ জানালেন জয়শঙ্কর।
এদিন বিদেশমন্ত্রী বলেন, "প্রথম ট্রাম্প সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে ভারত। বাণিজ্য সংক্রান্ত বেশকিছু সমস্যা দেখা দিলেও সার্বিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন ট্রাম্প। আমি মনে করিয়ে দিতে চাই, একমাত্র ট্রাম্পের কারণের কোয়াড (QUAD) সম্মেলন পুনরায় শুরু করা গিয়েছিল।"

আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ব্যক্তিগত স্তরে সুসম্পর্ক নিয়েও এদিন বক্তব্য রাখেন এস জয়শঙ্কর। উভয় রাষ্ট্রনেতার মধ্যে সুসম্পর্কের কারণে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হয়েছে বলেও জানান বিদেশমন্ত্রী।
জয়শঙ্কর আরও বলেন, "প্রধানমন্ত্রী মোদী ও ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। তবে ব্রিকস নিয়ে ট্রাম্প যে মন্তব্য করেছেন, তাতে জানিয়ে দিতে চাই, ডলার বাদ দেওয়ার পক্ষে কখনও সিদ্ধান্ত জানায়নি ভারত। আন্তর্জাতিক বাণিজ্যে আমেরিকা আমাদের সর্ববৃহৎ সঙ্গী। ডলারকে দুর্বল করার কোনও অভিপ্রায় ভারতের নেই।"
প্রসঙ্গত, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলার ব্যবহার না করলে ব্রিকস (BRICS) দেশগুলিকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। ব্রিকস দেশগুলি ডলার (Dollar) থেকে মুখ ফিরিয়ে নেবে আর তিনি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, এমনটা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট।
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, "ব্রিকস গোষ্ঠীর দেশগুলি যদি নতুন মুদ্রায় বাণিজ্য শুরু করে তাহলে তারা আমেরিকার বিকল্প খুঁজে নিক। কারণ আমেরিকার দরজা তাদের জন্য বন্ধ হয়ে যাবে। ওই দেশগুলির উপর ১০০ শতাংশ শুল্কের খাঁড়া নেমে আসবে। এমনকি আমেরিকার দারুণ অর্থনীতিতে তারা তাদের পণ্য বিক্রির স্বপ্নকে বিদায় জানাতে বাধ্য হবেন।"












Click it and Unblock the Notifications