Ram Navami 2024: আজ অযোধ্যায় রামলালার সূর্য তিলক, কীভাবে কখন হবে সেই প্রক্রিয়া জেনে নিন
আজ রামনবমী। অন্যান্যবারের চেয়ে এবারের রামনবমীর গুরুত্ব আলাদা। কারণ এবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। অযোধ্যার রামমন্দিরে তাই সকাল থেকেই সাজোসাজো রব। আজ রামলালার সূর্যাভিষেকের আয়োজন করা হয়েছে।
সকাল থেকেই সেই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকার জন্য অযোধ্যায় ভিড় করছেন দর্শনার্থীরা। ঠিক দুপুর বারোটার সময় হবে সেই সূর্যাভিষেক। সেসময় সূর্যের কীরণ কপাল ছুঁয়ে যাবে রামলালার। যাকে সূর্যতিলক বলে দাবি করেছেন পুজারিরা। রামলালা যেহেতু সূর্যবংশী সেকারণে এই সূর্যতিলক করা হবে তাঁর। সকাল থেকেই অযোধ্যার মন্দিরে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়ছে।

অনেকের মনেই কৌতুহলের শেষ নেই কী এই সূর্যাভিষেক আর সূর্যতিলক। কী প্রক্রিয়া সেটি। কীভাবে সম্ভব হবে মন্দিরের মধ্যে বিরাজমান রামলালার কপালে সূ্র্যের রশ্মি পৌঁছনো তারপরে আবার দুপুর ১২টার সময়। সত্যিই কঠিন বিষয়। কিন্তু ভক্তি আর বিজ্ঞান দুই মিলেই সেই অসম্ভবকে সম্ভব করে দেখাতে চলেছে। জানুয়ারিতে রামলালার অভিষেকের পর এবারই প্রথম রামনবমীর আয়োজন করা হয়েছে অযোধ্যায়।
সেকারণে বিপুল ভক্ত সমাগম হয়েছে সেখানে। রামলালার অভিষেক দেখার জন্য যেমন ভিড় হচ্ছিল ঠিক তেমনই রামনবমীতে তাঁর সূর্যাভিষেক দেখার জন্য ভিড় করছেন পূন্যার্থীরা। রামলালার সূর্যাভিষেক সম্পন্ন করতে সব আয়োজন করে ফেলেছেন রুরকি আইআইটির গবেষকরা। তার জন্য বসানো হয়েছে অপটিকাল গ্লাস। সেই অপটিকাল গ্লাসের মধ্য দিয়ে দুপুর ১২টার সময় সূর্যকিরণ গিয়ে পড়বে ঠিক রামলালার কপালে। চার মিনিট স্থায়ী হবে সেই সূর্যের রশ্মি। সম্পূর্ণ রশ্মি থাকবে ২ মিনিট ধরে। তার মধ্যেই অভিষেক সেরে ফেলতে হবে পুজারিদের।
আজ ভোর তিনটেয় মন্দিরের দরজা খুলেছে দর্শনার্থীদের জন্য। মাঝে রামলালার ভোগের জন্য মিনিট পাঁচেক মন্দিরের দরজা বন্ধ করা হবে। তারপরে আবার খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। হলুদ পোশাকে সাজিয়ে তোলা হয়েছে রামলালাকে। আজ তাঁর জন্য ছাপ্পান্ন ভোগের আয়োজন হয়েছে। তাতে তিন রকমের পিঞ্জিরি থাকবে। পঞ্চামৃতও থাকবে তাঁর জন্য। ভোর তিনটে থেকে রাত ১২টা পর্যন্ত আজ খোলা থাকবে রামলালার দরবার।
রামনবমীর দিন ভিভিআইপিদের মন্দিরে না আসার অনুরোধ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। সূর্যতিলকের সময় মন্দিরের ভেতরে ভক্তদের প্রবেশের অনুমতি থাকবে। সূর্যতিলক দেখার জন্য ১০০টি এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে মন্দিরে। তার মধ্যে ৫০টি এলইডি সরকার দিয়েছে। এই অনুষ্ঠানে আসার আগে ভক্তদের মোবাইল ফোন সহ কোনও মূল্যবান সামগ্রি সঙ্গে না রাখার অনুরোধ জানানো হয়েছে। প্রসার ভারতীও সরসারি টেলিভিশনে এই সূর্যতিলকের সম্প্রচার করবে।
এই সূর্য তিলকের জন্য বিশেষ প্রযুক্তির আয়না এবং লেন্স তৈরি করেছে সিবিআরআইয়ের গবেষকরা। অযোধ্যার মন্দির প্রাঙ্গনে ইতিমধ্যেই ফটোমেকানিকাল সিস্টেম তৈরি করা হয়েছে। বেঙ্গালুরুর ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্স এই সিস্টেমটি তৈরি করেছে। একটি আয়না গতিশীল থাকবে যাতে সেটি ফোকাস বদল করতে পারে। প্রতি রামনবমীতেই এবার থেকে অযোধ্যায় সূর্যতিলক হবে।












Click it and Unblock the Notifications