পেগাসাস ইস্যুতে 'সুপ্রিম' পদক্ষেপ! তদন্তের স্বার্থে তৈরি হচ্ছে বিশেষজ্ঞ প্যানেল
পেগাসাস ইস্যুতে এবার বড় পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের। ফোনে আড়িপাতা কাণ্ড ঘিরে এবার নতুন করে বিশেষজ্ঞ কমিটি গড়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যে কমিটি প্রযুক্তিগত বিষয়ে পারদর্শী হবে বলে জানা গিয়েছে। যে সমস্ত মামলা পেগাসাস ইস্যুতে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে সেই মামলায় আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে একটি বার্তা সুপ্রিম কোর্ট দিতে চলেছে বলে জানানো হয়েছে।

এদিন সুপ্রিম কোর্ট কার্যত বিরোধীদের দাবিতে শিলমোহর দিয়ে পেগাসাস ইস্যুতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা বলেছে। এর আগে ভারতের বিভিন্ন ব্যক্তিত্বের ফোনে আড়িপাতা হচ্ছিল বলে যে অভিযোগ ওঠে পেগাসাস সফ্টওয়্যার ঘিরে তাতে কার্যত কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। সেই জায়গা থেকে কেন্দ্রের তরফে বারবার জানানো হয়েছে যে এই কাণ্ডের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কার্যত বাদল অধিবেশনে এই পেগাসাস আড়িপাতা কাণ্ড ঘিরে রীতিমতো হইচই শুরু হয়। সেই জায়গা থেকে প্রবল তোলপাড় দেখা যায় ভারতীয় রাজনীতিতে। ক্রমেই সরব হতে থাকে বিরোধীরা। এরপর একাধিক মামলা এই ইস্যুেত সুপ্রিম কোর্টে দায়ের হয়। সেই প্রেক্ষাপটে পেগাসাস ইস্যুতে তদন্তের স্বার্থে নতুন বিশেষজ্ঞ কমিটি গড়ার কথা আদালত জানিয়েছে। তবে এর আনুষ্ঠানিক ঘোষণা আগামী সপ্তাহে হবে বলে জানানো হয়েছে।
এদিন অন্য একটি মামলা সুপ্রিম কোর্টে চলাকালীন বিচারপতি এম ভি রামানা একথা জানিয়েছেন। সেই প্রসঙ্গে বিচারপতি রামানা জানান, ' চলতি সপ্তাহের আগেই এই ইস্যুতে রায় দিতে চেয়েছিলাম আমরা। তবে যাঁদের নিয়ে এই কমিটি গঠনের কথা ভাবা হয়েছিল, তাঁরা অনেকেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যান কমিটি থেকে । সেই কারণেই নির্দেশ দিতে এত দেরি হল।' এদিন সুপ্রিম কোর্টের রায়ে এটি স্পষ্ট যে এবার কেন্দ্রীয় স্তরে গিয়ে এই তদন্ত কমিটি গঠিত হবে। উল্লেখ্য, পেগাসাস ইস্যুতে যে মামলা দায়ের হয়েছিল, তা নিয়ে আদালতে প্রথম শুনানি শুরু হয় ১৭ অগাস্ট। এরপর সেপ্টেম্বরের শেষে আসে এই রায়। উল্লেখ্য, বাদল অধিবেশন শুরু আগে কার্যত এই পেগাসাস মামলা নিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। প্রসঙ্গত, সাংবাদিক সহ দেশের একাধিক নামী ব্যক্তিত্বের ফোনে আড়িপাতা হয়েছে বলে অভিযোগ ছিল। যার জেরে ১২ টি পিটিশন আদালতে জমা পড়ে। মামলার শুরুতেই সরকার পক্ষের আইজীবী তুষার মেহতা জানান, আমাদের সরকারের কাছে গোপন করার মতো কিছুই নেই, আদালত যে কমিটি গঠন করবে তার কাছে সমস্ত কিছু পেশ করতে রাজি আমরা। এরপরই আসে এই পদক্ষেপ।












Click it and Unblock the Notifications