১৬ মে বিকেল চারটে নাগাদ জানা যাবে ভোটের চূড়ান্ত ফল, আশা

১৬ মে অর্থাৎ শুক্রবার লোকসভা ভোটের ফল ঘোষিত হবে। সকাল আটটা থেকে দেশের ৯৮৯টি কেন্দ্রে শুরু হবে ভোটগণনা। প্রথমে পোস্টাল ব্যালট গোনা হবে। মোটামুটি তা গুনতে লাগবে আধ ঘণ্টা। তার পর খোলা হবে ইভিএম। সকাল এগারোটা নাগাদই বোঝা যাবে, কার দিকে পাল্লা ভারী আর কার জাহাজ ডুবতে চলেছে! দুপুর দু'টো নাগাদ ৫৪৩টি আসনের অন্তত অর্ধেকের ফলাফল ঘোষণা করা সম্ভব হবে বলে আশা।
সকাল আটটা থেকে গণনা শুরু হলেও প্রস্তুতি শুরু হয়ে যাবে ভোর পাঁচটা থেকে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের উপস্থিতিতে দায়িত্ব বণ্টন করা হবে ভোটকর্মীদের। অর্থাৎ কে কোন গণনাকেন্দ্রে থাকবেন, কত নম্বর টেবিলে বসবেন ইত্যাদি। পুরো প্রক্রিয়া শেষ করতে অন্তত দু'ঘণ্টা লাগবে। সাতটা থেকে সওয়া সাতটায় সবাই 'পজিশন' নিয়ে নেবেন। প্রতিটি গণনাকেন্দ্রে নিয়মমাফিক প্রার্থীদের এজেন্ট থাকবেন। প্রার্থী নিজেও ভিতরে থাকতে পারেন, কিন্তু কোনও দেহরক্ষী নিয়ে আসা চলবে না। একমাত্র ব্যতিক্রম সেই ভিআইপি-রা, যাঁরা এসপিজি কমান্ডোদের ঘেরাটোপে থাকেন। এঁরা একজন কমান্ডো নিয়ে ভিতরে থাকতে পারবেন। গণনাকেন্দ্রে কোনও কর্মী অসুস্থ হয়ে পড়লে 'রিজার্ভ পুল' থেকে লোক নেওয়া হবে প্রথামাফিক।
দেশের সব গণনাকেন্দ্রের বাইরেই এখন কড়া নিরাপত্তা। সংশ্লিষ্ট রাজ্যের পুলিশকে বলা হয়েছে, গণনাকেন্দ্রের চারপাশে টহলদারির কাজ করতে। স্পর্শকাতর এলাকায় থাকবে কেন্দ্রীয় বাহিনীও।
তবে প্রতিবারই এমন দাবি করে নির্বাচন কমিশন। কিন্তু দেখা যায়, চূড়ান্ত ফল জানতে জানতে সন্ধে গড়িয়ে যায়। এবার তেমন হবে না তো? উত্তর পেতে অপেক্ষা করতে হবে ১৬ মে পর্যন্ত। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে সুষ্ঠুভাবে ভোট করাতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। গণনা কতটা সুষ্ঠুভাবে এবং দ্রুত হয়, এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications