কেন দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, কারণ জানাল WHO-র গবেষকরা
কেন দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, কারণ জানাল WHO-র গবেষকরা
সারা বিশ্বে তৃতীয় ওয়েভ নিয়ে এসেছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ৷ দ্বিতীয় ওয়েভে হওয়া সংক্রমণ এবং ভ্যাকসিনের ডাবল ডোজ কোনও কিছুকেই মানছে না ওমিক্রন৷ কিন্তু কেন এরকমটা হচ্ছে? বিশ্বস্বাস্থ্য সংস্থার গবেষকরা এর তিনটি প্রাথমিক কারণ খুঁজে বের করেছেন।

গত বছর নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন স্ট্রেনের খোঁজ মেলে। তারপর দ্রুত বিশ্বের সব কোণায় ছড়িয়ে পড়েছে করোনার এই নতুন স্ট্রেন! ডব্লিউএইচও-র দেওয়া তথ্য অনুসারে গত সপ্তাহে বিশ্ব জুড়ে নতুন করে প্রায় ১০ মিলিয়ন মানুষ কোভিড সংক্রমিত হয়েছেন৷ যার পেছনে নতুন ওমিক্রন স্ট্রেনটি রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা! এপিডেমিওলজিস্ট এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার করোনা বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ করোনার এই নতুন স্ট্রেনের মারাত্মক সংক্রমণ ক্ষমতার পেছনে তিনটি কারণ দেখিয়েছেন,
প্রথমত, ওমিক্রন নিজের স্পাইক প্রোটিনে বিশেষ কিছু মিউটেশন ঘটিয়েছে যা এটিকে আরও সহজেই মানুষের কোষে প্রবেশ করতে সাহায্য করে।
দ্বিতীয়ত ওমিক্রনের 'ইমিউন এস্কেপ' বেশি, যার ফলে কোনও মানুষের একবার করোনা সংক্রমণ হয়ে থাকলেও কিংবা তাঁর ভ্যাকসিনের দুটি তোজ নেওয়া থাকলেও তিনি ওমিক্রনে সংক্রমিত হতে পারেন।
তৃতীয়ত, কোভিড-১৯ সংক্রমণের প্রথম স্ট্রেনটি থেকে শুরু করে ডেল্টা পর্যন্ত প্রত্যেক ভ্যারিয়েন্ট ফুসফুসের নীচের অংশ পর্যন্ত পৌঁছে তারপর নিজের প্রতিলিপি তৈরি করত। কিন্তু ওমিক্রন শ্বাসযন্ত্রের উপরের অংশেই নিজের প্রতিলিপি তৈরি করে, যা তাঁর সংক্রমণ ক্ষমতাকে কয়েকগুণ বাড়িয়ে তোলে। কেরখোভ আর জানিয়েছেন যে গবেষণায় দেখা গিয়েছে ঠিক এই কারণেই ওমিক্রনের মারণ ক্ষমতা ডেল্টার তুলনায় অনেক কম।
তবে এ নিয়ে আত্মতৃপ্তিতে ভুগে কোভিডবিধি শিকেয় তুলে রাস্তায় ভিড় বাড়াতে বারণই করছে WHO-র বিশেষজ্ঞ গবেষক৷ সংবাদমাধ্যমকে তিনি বলেন, বিশ্বজুড়ে আমরা কোভিডের যে ঘটনাগুলি দেখছি তা সত্যিই আশ্চর্যজনক! ওমিক্রনে হাসপাতালে ভর্তির ঝুঁকি কম থাকার কথা! কিন্তু আদপে দেখা যাচ্ছে এখনও প্রচুর লোকের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়ছে৷ আগামীদিনে যা পুরো বিশ্বজুড়েই চিকিৎসা ব্যবস্থার উপর চাপ তৈরি করবে!












Click it and Unblock the Notifications