মুম্বইয়ে মোট কোভিড আক্রান্তের এক তৃতীয়াংশই ওমিক্রন
মুম্বইয়ে মোট কোভিড আক্রান্তের এক তৃতীয়াংশই ওমিক্রন
বছর শেষেও শান্তি দিচ্ছে না কোভিড। নয়া স্ট্রেন ওমিক্রনের প্রাদুর্ভাবে এমনিই কপালে ভাঁজ পড়েছিল ভারতীয় প্রশাসনের। এবার দেখা গিয়েছে, মুম্বইয়ের মোট কোভিড আক্রান্তের এক তৃতীয়াংশই ওমিক্রন আক্রান্ত। শুক্রবার বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, ২১ এবং ২২ ডিসেম্বর তারিখে 'নো ট্রাভেল হিস্টরি' থাকা সমস্ত কোভিড আক্রান্তের এক তৃতীয়াংশই ওমিক্রন আক্রান্ত৷

ওই দুদিনে মোট ৩৭৫ টি নমুনার ৩৭ শতাংশ অর্থাৎ ১৪১ জনই ওমিক্রন আক্রান্ত। যথারীতি এই তথ্য থেকেই দেখা যাচ্ছে, ঠিক কতটা সংক্রামক কোভিডের এই নয়া ভ্যারিয়েন্ট। সরকারি তথ্য বলছে, এই ওমিক্রন আক্রান্তদের মধ্যে ৮৯ জন পুরুষ এবং ৫২ জন নারী৷ এই ১৪১ জনের মধ্যে ৯৩ জনই দু'টি টিকা নিয়েছিলেন। তিন জন মাত্র একটি ডোজ নিয়েছিলেন৷ আক্রান্তদের উপসর্গ নিয়েও তথ্য প্রকাশ্যে এসেছে। এদের মধ্যে মাত্র সাতজনের দেহে উপসর্গ দেখা দিয়েছে৷ ৩৯ জনের দেহে মৃদু উপসর্গ রয়েছে। ৯৫ জনই উপসর্গহীন। এই ১৪১ জন ছাড়াও আরও ১২ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন। তবে সেই ১২ জনই সম্প্রতি বিদেশ থেকে ঘুরে এসেছেন৷
ওমিক্রনের বাড়বাড়ন্ত রুখতে সম্প্রতি লকডাউন ঘোষণা করেছে মহারাষ্ট্র প্রশাসন। মুম্বই সহ দেশের অন্যান্য বহু শহরে জন সমাগমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রত্যেকটি বড় বড় শহরে নাইট কার্ফু ঘোষণা করা হয়েছে। রেস্টুরেন্টগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা সীমিত সংখ্যক অতিথিদের পরিষেবা দেন।কোভিডের কথা মাথায় রেখে আগামী ১৫ জানুয়ারি অবধি মুম্বই পুলিশ সমস্ত রকম জমায়েতে বিধিনিষেধ আরোপ করেছে।












Click it and Unblock the Notifications