Odisha train tragedy: সিগন্যাল সার্কিটে ত্রুটিতেই ভয়াবহ রেল দুর্ঘটনা বালেশ্বরে, রাজ্যসভায় রেলমন্ত্রী
ওড়িশার বুকে গত মাসে ঘটে গিয়েছিল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। সেই ঘটনা প্রাণ কেড়ে নিয়েছিল প্রায় তিনশো জনের। সহস্রাধিক যাত্রী জখম হয়েছিলেন। এই ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সিবিআই তদন্ত শুরু হয়েছে। এরই মধ্যে রেলমন্ত্রী শুক্রবার রাজ্যসভায় জানালেন রেল দুর্ঘটনার কারণ।
রাজ্যসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন, সিগন্যাল-সার্কিটে ত্রুটির কারণেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে ওড়িশার বালেশ্বরে। তাঁর যুক্তি, লেভেল ক্রসিং গেটে বৈদ্যুতিক উত্তোলনে বাধা পেয়েই সিগন্যালিং-সার্কিট পরিবর্তনে ত্রুটি ঘটে। তার ফলে কাজ করেনি সিগন্যাল।

শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির পিছনে ধাক্কা মারে। তার ফলে এর কোচগুলি পার্শ্ববর্তী ট্র্যাকে পড়ে যায়। তখন বিপরীত দিক থেকে আসা বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনাকে এই দশকের মধ্যে ভারতে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাগুলির মধ্যে একটি বলে গণ্য করা হয়।
এরপর এই ঘটনায় সিবিআই তদন্ত শুরু হয়। এর জন্য মানবিক ত্রুটিকে দায়ী করে রিপোর্ট দেওয়া হয়। এমনকী গ্রেফতারও করা হয়। সিবিআই তদন্তের কারণে এই ঘটনার বিশদ কারণ প্রকাশ করা হয়নি এখনও। শুধু সিবিআই নয়, রেলও বিভাগীয় তদন্ত শুরু করে।
রেলওয়ে কমিশনারের অনুসন্ধান মোতাবেক দুর্ঘটনার বিষয়ে রাজ্যসভার সদস্যদের প্রশ্নের জবাবে শুক্রবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। লিখিত প্রতিক্রিয়ায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, সিগন্যালিং-সার্কিট পরিবর্তনের ত্রুটির কারণে এই ঊভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বালেশ্বরে।

সিগন্যালিংয়ের ত্রুটির ফলেই করমণ্ডল এক্সপ্রেস ভুল সংকেত পেয়েছিল। সবুজ সংকেত পেয়ে লুপ লাইনে ঢুকে পড়েছিল এক্সপ্রেসটি। শেষপর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনের পিছনে ধাক্কা মেরে বিচ্ছিন্ন হয়ে যায় কামরা। রেলওয়ে নিরাপত্তা কমিশনের তদন্তে ভুল সিগন্যালিং ও একাধিক স্তরে মানবিক ত্রুটি কথা উল্লেখ রয়েছে।
এছাড়া অশ্বিনী বৈষ্ণব আরও জানান, গত পাঁচ বছরে, রেলে সিগন্যালিং ব্যর্থতার ১৩টি দুর্ঘটনা ঘটেছে। ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে কোনো ঘটনা ঘটেনি। তথ্য অনুসারে, এপ্রিল-জুন মাসে ১৬৪৫৮টি সংকেত ব্যর্থতার খবর পাওয়া গেছে। গড়ে প্রতিদিন প্রায় ১৮৩টি ঘটনা ঘটে।












Click it and Unblock the Notifications