বালেশ্বর ট্র্যাজেডির পাঁচ দিন পর ফের এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা রাজধানীর
ওড়িশার বালেশ্বরের ট্রেন ট্র্যাজেডির পাঁচ দিন অতিক্রান্ত। এরই মধ্যে একাধিকবার দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে রেল। ফের এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল ঝাড়খণ্ডে। মঙ্গলবার সন্ধ্যায় নতুন দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ঝাড়খণ্ডের সাঁথলডিহ রেল ক্রসিংয়ের সামনে দুর্ঘটনার সম্মুখীন হয়।
নতুন দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস যখন সাঁথালডিহ রেল ক্রসিং পেরিয়ে যাচ্ছিল তখন ভোজুডিহ স্টেশনের কাছে একটি ট্র্যাক্টর রেলগেটে খারাপ হয়ে যায়। সেই সময় ট্রেন চালক উপস্থিত বুদ্ধির পরিচয় গিয়ে ঝাড়খণ্ডের বোকারোতে একটি বড়ো ট্রেন দুর্ঘটনা এড়াতে সক্ষম হন।

খবরে প্রকাশ, রেলওয়ে ট্র্যাক এবং গেটের মধ্যে ট্রাক্টরটি আটকে গিয়েছিল। বিকেল ৫টা নাগাদ যখন ঘটনাটি ঘটে, ট্রেনের চালক ব্রেক করেন এবং ট্রেন থামিয়ে দেন সংঘর্ষের আগেই। ট্রেনের চালক সতর্ক থাকায় এ যাত্রায় বড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় বলে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা বিভাগের ডিআরএম মণীশ কুমার জানান।
তিনি বলেন, ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। সেইসঙ্গে গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক্টর চালক পালিয়ে গেছে। ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনে দেশের সবথেকে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতা রেল ভালো চেখে দেখছে না।

উল্লেখ্য, বালেশ্বরে বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস ও একটি মালগাড়ি বিধ্বস্ত হয় ঘটনাস্থলে। এই দুর্ঘটনার জেরে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮৮ জনের মৃত্যু হয়েছে এবং ১১০০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।
ওড়িশার বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষতে প্রলেপ পড়তে না পড়তেই একাধিকবার দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে বিভিন্ন ট্রেনকে। শুধু ঝাড়খণ্ডেই নয়, দুদিন আগে তামিলনাড়ুর সেনগোতাই স্টেশনে প্রবেশ করার সময় চেন্নাই-এগমোর এক্সপ্রেস ট্রেন বড়োসড়ো দুর্ঘটনা এড়ায়।

তামিলনাড়ুর সেনগোতাই স্টেশনে প্রবেশ করার সময় চেন্নাই-এগমোর এক্সপ্রেসের চাকার উপরে একটি কোচের গোড়ায় বিশাল ফাটল লক্ষ্য করেছিলেন এক রেলকর্মী। তারপরই কর্মীর তৎপরতায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। রেলকর্মী চেন্নাই-এগমোর এক্সপ্রেস কোচের বেসে ফাটল দেখার পর পতাকা উত্তোলিত করে সতর্ক করে দেন।
তারপরই ট্রেনটি থামিয়ে রেলের আধিকারিকরা যাত্রীদের অন্য বগিতে সরিয়ে কোচটি আলাদা করে দেন। শুক্রবারের করমণ্ডল এক্সপ্রেস-সহ তিন ট্রেনের ভয়াবহ সংঘর্ষের পর রবিবার বড়ো ট্রেন দুর্ঘটনা এড়ায় রেল। তামিলনাড়ুর সেনগোতাই স্টেশনে পর ঝাড়খণ্ডের ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পায় নতুন দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস।












Click it and Unblock the Notifications