Odisha Train Accident: দোষীদের কঠোরতম শাস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর, দুর্ঘটনা থেকে শিক্ষা নিতেও বললেন মোদী
ওডিশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা তিনশোর কাছাকাছি পৌঁছে গিয়েছে। আহতের সংখ্যা অন্তত ৯০০ বলে জানা যাচ্ছে। আজ দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনায় বেদনা প্রকাশের ভাষা নেই। তবে দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের সঙ্গে সরকার রয়েছে।

প্রধানমন্ত্রীকে নিয়ে বায়ুসেনার চপার আজ নামে বাহানাগা বাজার স্টেশনের কাছে একটি মাঠে। সেখান থেকে ৩০০ মিটার দূরেই দুর্ঘটনাস্থল। হেঁটেই প্রধানমন্ত্রী সেখানে পৌঁছন। উদ্ধারকাজ যাঁরা করছিলেন তাঁদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। রেলমন্ত্রী বৈষ্ণবের কাছ থেকে নেন যাবতীয় আপডেট।
স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তি, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রেল আধিকারিকদের সঙ্গেও কথা হয় প্রধানমন্ত্রীর। ক্যাবিনেট সেক্রেটারি ও স্বাস্থ্যমন্ত্রীকে তিনি নির্দেশ দেন আহতদের সকলকে সেরা চিকিৎসা পরিষেবা প্রদানের। মৃতদের পরিবারগুলি যাতে কোনও সমস্যায় না পড়ে তা সুনিশ্চিত করার নির্দেশও দেন।

প্রধানমন্ত্রী বলেন, অনেক রাজ্যের মানুষ নানাভাবে এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য অসহনীয় বেদনা অনুভব করছি। আহতদের চিকিৎসায় কোনও খামতি রাখা হবে না। যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের ফেরানো সম্ভব নয়। কিন্তু এই দুঃখের মুহূর্তে তাঁদের পরিবারগুলির পাশে সরকার আছে।
মোদীর কথায়, সরকার এই দুর্ঘটনার বিষয়ে যথেষ্ট সিরিয়াস। সবরকম তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে। কাউকে রেয়াত করা হবে না। ওডিশা সরকার, প্রশাসনের সকলে যেভাবে সাধ্যমতো পরিস্থিতি সামলেছেন তা প্রশংসনীয়।

স্থানীয় মানুষজনকেও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখানকার মানুষজন উদ্ধারকাজে রাতভর হাত লাগানোয় দ্রুত তা সম্পন্ন করা গিয়েছে। সঙ্কটের মুহূর্তে তাঁরা রক্তদানেও এগিয়ে এসেছেন। তাঁদের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা। রেল সর্বশক্তি নিয়ে উদ্ধারকাজ চালিয়েছে। এখন রেললাইন দ্রুত স্বাভাবিক করতে হবে।
PM @narendramodi expressed grief over the rail accident and assured all kind of support for the victims and also said that strict action will be taken against those responsible for the accident.#TrainAccident#BalasoreTrainAccident pic.twitter.com/thnokIyLQx
— DD News (@DDNewslive) June 3, 2023
ফকির মোহন হাসপাতালে গিয়ে প্রধানমন্ত্রী আহতদের সঙ্গে দেখা করেন, কথা বলেন। তাঁদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কীভাবে নাগরিক সুরক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন ব্যবস্থাপনা আরও উন্নত করা যায়।
এদিন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, শেষ দুই দশকে এমন দুর্ঘটনা দেখিনি। এর দায় প্রধানমন্ত্রী এড়াতে পারেন না। রেলমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন অভিষেক। পরিকাঠামো না গড়ে উদ্বোধন করায় মোদী মনোযোগী বলেও তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।












Click it and Unblock the Notifications