Odisha Train Accident: দেহ রাখার জায়গা নেই মর্গে, বালেশ্বরের দুর্ঘটনার পর ট্রাকে সংরক্ষণ করতে হচ্ছে নিহতদের
Odisha Train Accident: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সেই পথ দিয়ে ফের স্বাভাবিক নিয়মে ছুটতে শুরু করেছে এক্সপ্রেস গাড়ি। তবে দুর্ঘটনা যাদের জীবনে প্রভাব ফেলেছে সেই মৃত ব্যক্তিদের পরিবারের উপর দিয়ে এখনও ঝড়ঝাপ্টা বয়ে চলেছে। কীভাবে দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবার তাঁর স্বজনের দেহ ফিরে পাবেন এবং সৎকার প্রক্রিয়া করবেন, তা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে।
কারণ ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃতদের দেহ ঠান্ডা ঘরে জায়গা পেয়েছে। সেখান থেকে নিজের পরিচিতদের খুঁজে বের করা যেমন কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে, তেমনই আরও বড় সমস্যা, মর্গে জায়গার অভাব।

শুক্রবার সন্ধ্যা রাতের সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় সরকারি হিসেব অনুযায়ী অন্তত ২৮৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯০০ জনের বেশি মানুষ। তার মধ্যে অনেকের দেহ শনাক্তকরণের প্রক্রিয়া শেষ হয়েছে। এবং তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
তবে জানা যাচ্ছে, এখনও ৮৩টি দেহ সনাক্তকরণ করা সম্ভব হয়নি। এবং মর্গেও জায়গা অপ্রতুল। ফলে বাধ্য হয়ে রেল কর্তৃপক্ষকে ভুবনেশ্বর এইমস হাসপাতালে বাতানুকূল ট্রাকের মধ্যে মৃতদেহগুলিকে রাখতে হচ্ছে।
চিকিৎসকরা জানাচ্ছেন, দুর্ঘটনায় মৃতদের দেহ পচতে শুরু করেছে। কিন্তু তা সত্ত্বেও দেহগুলিকে যথাসম্ভব সঠিকভাবে রাখতে হবে। কারণ দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা প্রয়োজন।

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সকলের কাছে আবেদন জানিয়েছেন যাতে মৃতদের পরিবারবর্গ এগিয়ে এসে ডিএনএ পরীক্ষার মাধ্যমে দেহ সনাক্তকরণ করেন। এবং যাতে সঠিক পরিবারের হাতে তাঁদের প্রিয়জনদের মৃতদেহ তুলে দেওয়া যায়।
এর পাশাপাশি রেল কর্তৃপক্ষের তরফে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং বিহার সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, যাতে তারা পরিবারগুলির কাছে পৌঁছন এবং সঠিক পদ্ধতি মেনে দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা যায়।












Click it and Unblock the Notifications