Train Derailed: ওডিশায় ফের দুর্ঘটনার কবলে মালগাড়ি, করমণ্ডল দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যাও
Train Derailed: ফের ওডিশায় ট্রেন দুর্ঘটনা। এবার মালগাড়ি। বালাসোরে মালগাড়িতে ধাক্কা মেরেছিল করমণ্ডল এক্সপ্রেস। পাশের লাইনে বেঙ্গালুরু থেকে হাওড়াগামী এক্সপ্রেসও বেলাইন হয়।
সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রেল দুর্ঘটনা, সেই ওডিশাতেই। যদিও এবার পরিস্থিতি ভয়াবহ হয়নি।

রায়গড় (Rayagada) জেলার অম্বাডোলা (Ambadola)-র কাছে দুর্ঘটনাটি ঘটেছে। মালগাড়ির চারটি ওয়াগন বেলাইন হয়। তবে হতাহতের খবর নেই। জানা গিয়েছে, কালাহান্ডির অম্বাডোলা থেকে লাঞ্জিগড়ের বেদান্ত প্ল্যান্টের দিকে যাচ্ছিল মালগাড়িটি।

মালগাড়ি বেলাইনের খবর পেয়েই ছুটে যান রেলের আধিকারিকরা। কী কারণে মালগাড়িটি বেলাইন হলো তার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। কপাল ভালো, কোনও যাত্রীবাহী এক্সপ্রেস বা প্যাসেঞ্জার ট্রেন বেলাইন হয়নি। তাহলে পরিস্থিতি উদ্বেগজনক হতেই পারতো। কেন এত অল্প সময়ের মধ্যে বারবার ট্রেন বেলাইন হচ্ছে সেটা অবশ্য ভাবার বিষয়।

মালগাড়ির জন্য নির্ধারিত ট্র্যাকেই মালগাড়িটি বেলাইন হয়েছে। ফলে ট্রেন চলাচলে এই দুর্ঘটনার প্রভাব পড়েনি। উল্লেখ্য, বালেশ্বরের কাছে বাহানাগা বাজারে মালগাড়িতে ধাক্কা মেরেছিল শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। পাশের লাইনে ছিল ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। তিনটি ট্রেন দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় ২৯১ জন মারা গিয়েছেন সরকারিভাবে। আহত ১১০০-র বেশি।
ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আজই পৌঁছেছে ২৯১-এ। এসসিবি মেডিক্যাল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিহারের এক বাসিন্দা। তিনি ট্রেন দুর্ঘটনার পর থেকেই গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। মৃতের নাম বিহারের ভাগলপুরের রোশনপুরের ৩২ বছরের সাহিল মনসুর। তাঁকে ট্রমা কেয়ারের আইসিইউতে রাখা হয়েছিল, ডায়ালিসিসও চলছিল।
জানা গিয়েছে, এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০৫ জন ভর্তি ছিলেন। এখনও ৪৬ জন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ১৩ জনকে রাখা হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে। ২-৩ জনের অবস্থা সঙ্কটজনক। গতকাল বিহারের এক পরিযায়ী শ্রমিক, ২২ বছরের প্রকাশ রাম গতকাল মারা গিয়েছেন।












Click it and Unblock the Notifications